মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
মধুখালীতে পাটের আবাদ বেড়েছে। চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে ২০০ হেক্টর ও গত বছরের তুলনায় ৪০২ হেক্টর বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর ৮ হাজার ৩৫২ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৮ হাজার ৫৫২ হেক্টর জমিতে। গত বছর পাটের আবাদ হয়েছিল ৮ হাজার ১৫০ হেক্টর জমিতে। পাট ব্যবসায়ী হারুন-অর-রশিদ মিয়া জানান, এ অঞ্চলের পাটের মান ভালো হওয়ায় মিলমালিকদের কাছে পাটের চাহিদা রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান বলেন, গত বছর পাটের দাম ভালো পাওয়ায় এ বছর চাষিরা পাট চাষে আগ্রহী হয়েছেন।
