জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধানসহ সাত নেতাকর্মীকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপি কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। জয়পুরহাট থানার ওসি আলমগীর জাহান জানান, গ্রেফতার নেতাকর্মীরা হলেন জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান, জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব পিয়াস আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য আসফাকুর রহমান পাপন, আতিকুর রহমান সোহাগ, হাসান আহাম্মেদ রঞ্জু, সোহরাব ইসলাম ও শাহরিয়ার কবির তানিম। চলতি বছরের ১৩ জানুয়ারি জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামসুল হকের বাসার কার্যালয়ে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকা এবং দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধসংক্রান্ত মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। ঐ সময় পুলিশ চারটি অবিস্ফোরিত ককটেল, ১০টি পেট্রোল বোমা, একটি লোহার তৈরি চাপাতি, ১০টি ধারালো রামদা, একটি কুড়াল, ১৩টি লাঠিসহ অন্যান্য দ্রব্য উদ্ধার করেছিল বলে ওসি জানিয়েছেন।
