সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নূর আলম নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের জিরারগাঁও গ্রামের পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নুর আলম সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের দর্পগ্রামের নুরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, দোয়ারাবাজার উপজেলার পশ্চিম বাংলাবাজারে নুর আলমের পরিবারের রেস্তোরাঁ ব্যবসা রয়েছে। তিনি সেটি দেখাশোনা করতেন। বৃহস্পতিবার রাতে তিনি দোকানেই ছিলেন। রাত ১১টার দিকে এলাকার এক যুবক তাকে দোকান থেকে ডেকে নিয়ে যান। শুক্রবার সকালে জিরারগাঁও গ্রামের পাশের একটি ডোবায় নুর আলমের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজির আলম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে। সন্দেহভাজন একজনের নাম আমরা পেয়েছি। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
