কালিয়াকৈরে বনের বেদখল দুই একর জমি উদ্ধার

আপডেট : ০৪ জুন ২০২১, ২১:৫০

কালিয়াকৈর (গাজীপুর)সংবাদদাতা

কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বনবিটের উপজেলার মোল্লাপাড়া এলাকায় বন বিভাগের সরকারি জমিতে অবৈধভাবে গড়ে উঠা  বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে সাত্তার টেক্সটাইল নামক কারখানার দখল থেকে বনের দুই একর জমি  উদ্ধার করা  হয়েছে। যার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। জানা যায়, কারখানাটি দীর্ঘদিন যাবত্ এলাকার সরকারি বনের জমি জবরদখল করে সীমানা প্রাচীর ও গরুর খামারসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ভোগদখল করে আসছিল।

স্থানীয় বন বিভাগ গোপনে বিষয়টি জানতে পেরে গত বুধ ও বৃহস্পতিবার অভিযান চালিয়ে কারখানার দখল থেকে দুই একর বনভূমি উদ্ধার করে চন্দ্রা বন বিট। উদ্ধারকৃত বনের জমিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন ও চন্দ্রা বন বিটের বিট কর্মকর্তা শরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ। ছাত্তার টেক্সটাইল কারখানার জিএম সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কারখানার পার্শ্ববর্তী সরকারি বনের কিছু জমি এত দিন আমরা  ব্যবহার করেছি। বন বিভাগ বলার পর সেই জমির দখল ছেড়ে দিয়েছি। বর্তমানে আমাদের কারখানায়  বনের কোনো জমি নেই।’

কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট কর্মকর্তা শরিফুর রহমান চৌধুরী বলেন, রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলনের নেতৃত্বে  অভিযান পরিচালনা করে কারখানায় দখলকৃত বনের জমি উদ্ধার করে তা বনায়নের আওতায় আনা হয়। উদ্ধারকৃত জমির পরিমাণ দুই একর, যার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।