ড্র হলেও ম্যারাডোনাকে স্মরণে রাখল মেসিরা

আপডেট : ০৪ জুন ২০২১, ২১:৫২

স্পোর্টস রিপোর্টার

ফুটবল ঈশ্বর দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা গত ২৫ নভেম্বর মারা             গেছেন। তার মৃত্যু নিয়ে এখনো ফুটবল দুনিয়ায় নানা কথা ভেসে বেড়াচ্ছে। ৮৬ বিশ্বকাপ জয়ী নায়ক ম্যারাডোনাকে মেরে ফেলা হয়েছে নাকি হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে—এটা নিয়ে চলছে থানা পুলিশের সঙ্গে ম্যারাডোনার পরিবারের কথার চালাচালি। এরই মধ্যে ছয় মাস কেটে গেছে।

আর্জেন্টিনা ফুটবল দল এই প্রথম ম্যারাডোনাকে ছাড়া খেলল। ম্যাচ থাকলে ম্যারাডোনা সব সময় মাঠে থাকতেন মেসিদের উত্সাহ দিতে। দর্শক আসনে বসে যেভাবে আওয়াজ তুলতেন তা দেখে খেলার চেয়ে ম্যারাডোনার দিকেই দর্শকের চোখ চলে যেত। এবার আর সেটা হয়নি। লিওনেল মেসিরা ঠিকই মাঠে নামলেন কিন্তু সেখানে ছিল না ফুটবল ঈশ্বর ম্যারাডোনা। মেসি বলেছেন, ‘দিয়েগো সব সময় আমাদের পাশে আছেন, আমাদের পাশেই থাকবেন।’

ল্যাটিন আমেরিকার অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের বৃহস্পতিবার আর্জেন্টিনা চিলি মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার মাটিতে। সান্তিয়াগোতে দেল এস্ত্রর ইউনিক স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে মেসিদের লক্ষ্য ছিল বুকে ম্যারাডোনার ছবি নিয়ে নামবেন। জিতলে তাকে উত্স্বর্গ করবেন। ম্যাচটা জেতা হয়নি। আর্জেন্টিনা চিলি ১-১ গোলে ড্র হয়েছে। তারপরও ম্যারাডোনাকেই স্মরণ করেছেন মেসি বাহিনী।

মেসি বলেন, ‘বাছাই ম্যাচ হলে এটি স্পেশাল ম্যাচ ছিল। কারণ এই প্রথম আমরা দিয়াগোকে ছাড়া খেললাম। আমি জানি, তার কাছে জাতীয় দল কতখানি। যদিও তিনি মাঠে ছিলেন না কিন্তু তিনি সব সময় আমাদের সঙ্গেই আছেন। আমরা মারাডোনাকে জয় উপহার দিতে চেয়েছিলাম এবং সবকিছু পেছনে ফেলে রেখে তিনি জাতীয় দলকে সব সময় যেভাবে তুলে ধরতেন, সেভাবে তুলে ধরতে চেয়েছিলাম।’

আর্জেন্টিনায় এটাই জাতীয় দলের প্রথম ম্যাচ। কিন্তু করোনার কারণে দর্শক মাঠে এসে দেখতে পারল না, কিছু করার নেই। এই মুহূর্তে বেঁচে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বাছাই পর্বে পাঁচ ম্যাচে আর্জেন্টিনার এটা দ্বিতীয় ড্র। ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মেসিরা। ব্রাজিল শীর্ষে আছে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে। বুধবার কলম্বিয়ার মাঠে খেলবে আর্জেন্টিনা।