বিনোদন প্রতিবেদক
আগে ভিউয়ের পেছনে না ছুটে সবাই পরিশ্রম আর কাজের পেছনে ছুটতো। কিন্তু এখন তো কাজের চেয়ে ভিউকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। আমি মনে করি, একটি কাজের ভিউ কত সেটা কিন্তু বিচার্য না। কাজটি কতটা ভালো হয়েছে সেটা দেখতে হবে। এছাড়া ভিউ হলেই সে এককভাবে মেধাবী কি-না সেই বিষয়টিও প্রশ্নবিদ্ধ। ভিউ দিয়ে কখনো মেধা যাছাই হয় না। এখন মেধাকে কাজে না লাগানোর অপচেষ্টা চলছে।—বর্তমান চর্চা ভিউ গুণে স্টার ও নাটকের মান প্রসঙ্গে কথাগুলো বললেন জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ। এছাড়া নিজের সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে তিনি আরো বলেন, ‘বর্তমানে করোনার কারণে কোনো কাজ করছি না। তবে গত মাসে দুটি সিরিয়ালের কাজ শেষ করেছি। এরমধ্যে বাবা থাকে বাসায় ধারাবাহিকটি প্রচার শুরু হয়েছে এবং অনিমেষ আইচের পরিচালনায় কোথাও কেউ নেই শিরোনামের ধারাবাহিকটি শিগগিরই প্রচার শুরু হবে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক হলে সামনের ঈদের জন্য কিছু কাজ করার ইচ্ছে রয়েছে।’
অন্যদিকে, ক্যারিয়ারে পরিণত হওয়ার পরই শোবিজের অনেককেই অভিনয়ের চেয়ে অন্য ব্যবসার দিকে মনোযোগী হতে দেখা যায়। তখন অনেকটাই অনিয়মিত হয়ে পড়েন অভিনয়ে। বিজরী বরকতুল্লাহকেও আগের মতো ধারাবাহিকতা রক্ষা করে অভিনয় বা উপস্থাপনায় দেখা যায় না। এ নিয়ে জানতে চাইলে বিজরী বলেন, ‘এটাকে অনিয়মিত বলা যাবে না। আগেও কাজ কম করেছি, এখনো তেমনই করছি। কিন্তু এখন চ্যানেলসহ অন্যান্য প্রচার মাধ্যম বেড়ে যাওয়ায় কাজহ বেশি হচ্ছে বলে এমনটা মনে হচ্ছে। এছাড়া আরো একটি বিষয় হলো ক্যারিয়ারে এতদিন পর এসে যেমন তেমন কাজ করতে পারি না। আমার পছন্দের স্ক্রিপ্ট পেতে হবে, ভালো গল্প হতে হবে। আর এটা তো আমি প্রত্যাশা করতেই পারি! পাশাপাশি পছন্দের কাজ পেলে উপস্থাপনাও করবো।’ এছাড়া বর্তমান সময়ে উন্মুক্ত মাধ্যমে নাটক প্রচার হওয়ায় কাজের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে মান নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। জনপ্রিয়তার পাল্লার চেয়ে মানহীন নাটকের পাল্লা ভারী বেশি হচ্ছে। আবার একটি নাটক জনপ্রিয়তা পেলে সেটাকে কপি করার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে। সার্বিক এই বিষয়গুলো নিয়ে বিজরী আরো বলেন, ‘সব জায়গাতেই এখন ব্যর্থতার প্রতিযোগিতা চলছে। আমাদের বাজেট, শিল্পী ও নির্মাণসহ অন্যান্য দিকে নানা ব্যর্থতা থাকায় এমন কাজ হচ্ছে। তবে ভালো কাজ হচ্ছে না তা কিন্তু না।’ অন্যদিকে, নাটকে চরিত্র সংকট থেকে শুরু করে ধারাবাহিকগুলোতে গল্পের ধারাবাহিকতাও রক্ষা করতে নির্মাতারা ব্যর্থ হচ্ছেন। তবে কাজের আগেই চরিত্র ঠিক করে দেওয়া এবং বাজেট ও সময়ের সীমাবদ্ধতা থেকে যদি চ্যানেলগুলো নির্মাতাদের মুক্তি দেন তাহলে নাটকের মান আরো বাড়বে বলে মনে করেন বিজরী।
