সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার চিকারকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনায় আউয়াল খান (৩০) নামের একজনের মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ সুনামগঞ্জের চিকারকান্দি গ্রামে দুদিন আগে চিকারকান্দি ইলেভেন ব্রাদার্স ও চিকারকান্দি বাজার ক্লাবের মধ্যে ফুটবল খেলা হয়। খেলা শেষে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এসময় উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। আহতদের মধ্যে আবদুল আউয়াল খানের অবস্থা গুরুতর ছিল। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার সময় পথে তার মৃত্যু হয়।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক মো. রফিকুল ইসলাম বলেন, আবদুল আউয়াল খানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আনার আগেই মারা যান। সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ফের সংঘর্ষের আশঙ্কায় দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসির নেতৃত্বে পুলিশ মোতায়েন করা হয়েছে।
