বিশ্বে খাদ্যপণ্যের দাম এক দশকের মধ্যে দ্রুত বেড়েছে :জাতিসংঘ

আপডেট : ০৫ জুন ২০২১, ০০:০৯

করোনা মহামারির মধ্যে বিশ্ব জুড়ে বেড়েছে খাদ্যপণ্যের দাম। জাতিসংঘ বলছে, গত এক দশকের মধ্যে এখন দ্রুত বাড়ছে খাদ্যের দাম। বিবিসির এক খবরে বলা হয়েছে, বিশ্বে গত ১২ মাস ধরে টানা খাদ্যপণ্যের দাম বেড়েছে। খাদ্যের জন্য মানুষের ব্যয় বেড়ে যাওয়ায় মহামারি পরবর্তী বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারেও এর উচ্চ প্রভাব পড়বে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সূচক অনুযায়ী গত মে মাসে খাদ্যপণ্যের দাম এপ্রিলের চেয়ে ৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে। ২০১০ সালের অক্টোবরের পর এটাই এক মাসে খাদ্যপণ্যের দাম বাড়ার সর্বোচ্চ হার। বিশ্ব জুড়ে খাদ্যশস্য, তেলবীজ, দুগ্ধজাত খাবার, মাংস এবং চিনির মতো খাদ্যপণ্যের দাম অনুসরণ করে এফএও এই ইনডেক্স তৈরি করেছে।

দাম বাড়ার কারণ হিসেবে বলা হচ্ছে, করোনা সংক্রমণ ঠেকাতে বিশ্বের অনেক দেশে নানা মেয়াদে লকডাউন দেওয়া হয়েছে। এ কারণে চলাচলের ওপর নানা বিধিনিষেধ থাকায় খাদ্যপণ্যের বাজারজাতকরণ এবং সরবরাহে বিঘ্ন ঘটেছে। জোগানের অভাবে অনেক জায়গায় খাবারের সংকট দেখা দিয়েছে এবং দাম বেড়েছে। অনেক দেশে খাদ্য উত্পাদন কমেছে পক্ষান্তরে অনেক দেশেই চাহিদা বেড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এখনো নানা দেশে লকডাউন চলছে। তার মধ্যে খাবারের উচ্চ চাহিদা এবং কম উত্পাদনের কারণে অনেক দেশে মুদ্রাস্ফীতি দেখা দেবে। তবে আশার কথা হলো, কিছু কিছু শিল্প সংকট কাটিয়ে উঠতে শুরু করেছে। এফএও বলছে, বিশ্ব জুড়ে এ বছর রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উত্পাদন হতে পারে, যা খাদ্যপণ্যের দাম বাড়া ঠেকাতে সহায়তা করতে পারে।