‘খালেদা জিয়া এখনো ঝুঁকিমুক্ত নন’

আপডেট : ০৫ জুন ২০২১, ০০:০৯

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে বিশেষ কেবিনে স্থানান্তরিত হলেও বেগম খালেদা জিয়া এখনো ঝুঁকিমুক্ত নন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ম্যাডামকে গত বৃহস্পতিবার বিকালে বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে তিনি একেবারেই যে সুস্থ হয়ে গেছেন, তা কিন্তু নয়। বলা যেতে পারে, তিনি এখনো ঝুঁকিমুক্ত নন। তার (খালেদা জিয়া) হার্ট, কিডনি ঝুঁকির মধ্যে আছে। যদিও তার ফুসফুসে সংক্রমণ নেই বা সেই ধরনের কোনো ইনফেকশনও নেই।’ বিশেষ কেবিনে কেন স্থানান্তর করা হয়েছে তার কারণ ব্যাখ্যা করে মির্জা ফখরুল বলেন, ম্যাডাম সিসিইউতে ছিলেন, এই সময় কোভিড পরবর্তী কতগুলো রিঅ্যাকশন (প্রতিক্রিয়া) হয়েছিল। যে রিঅ্যাকশন বিপজ্জনক ছিল তা হচ্ছে, তার রক্তে কিছুটা ইনফেকশন হয়েছিল। যেটাকে সিস্টোফেনিয়া বলে। যেহেতু ওখানে সংক্রমণের আশঙ্কা বেশি, তাই তাকে বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়েছে।