মহামারীতে ওয়ার্ক ফ্রম হোম এর সম্ভাবনা এবং প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা

আপডেট : ০৫ জুন ২০২১, ২০:৩৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

সম্প্রতি ‘Work from Home - ICT Leaders Dialogue’ শীর্ষক অনলাইন সেমিনার আয়োজন করেছে সিটিও ফোরাম বাংলাদেশ। সেখানে কোভিড ১৯ মহামারীতে ওয়ার্ক ফ্রম হোম বা বাসা থেকে অফিসের কাজ চালানোর বিভিন্ন প্রতিবন্ধকতা এবং সম্ভাবনা ও সুফল নিয়ে আলোচনা করেন বিভিন্ন প্রতিষ্ঠানের আইসিটি লিডার ও প্রধান প্রযুক্তি কর্মকর্তাবৃন্দ।

করোনা মহামারীর সময়ে ই-কমার্স এবং অন্যান্য অনলাইন সেবার বহুল ব্যবহার বৃদ্ধির কথা তুলে ধরেন এই অনলাইন আয়োজনের চীফ গেস্ট আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব এবং সিটিও ফোরাম বাংলাদেশের সহ সভাপতি বিকর্ণ কুমার ঘোষ। তিনি উল্লেখ করেন ইনফো সরকার ফেস-৩ প্রকল্পের মাধ্যমে দেশের ইউনিয়ন পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন পৌঁছানো হয়েছে যার ফলে বর্তমানে করোনা মহামারির সময়ে হোম অফিস করার সুবিধাগুলো পাচ্ছি ।

একই সাথে সিটিও ফোরাম বাংলাদেশ-এর সভাপতি তপন কান্তি সরকার ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থায় শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানোসিক স্বাস্থ্যের দিকে নজর দেয়ার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি উল্লেখ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল নির্দেশনা ও গাইড লাইন মেনে যেন সকল প্রতিষ্ঠান তার কর্মকর্তা-কর্মচারিদের হোম অফিস বা ওয়ার্ক ফ্রম হোম করার সুয়োগ দেয়া উচিত। 

আইসিটি ডিভিশনের এস্প্যায়ার টু ইনভেশান-এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা এবং সিটিও ফোরাম বাংলাদেশ-এর মহাসচিব আরফি এলাহি মানিক আয়োজনে অংশগ্রহণ করে সরকারের আইসিটি সক্ষমতাকে তুলে ধরে বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এই ওয়ার্ক ফ্রম হোম ব্যাবস্থাকে কাজে লাগিয়ে ডিজিটালভাবে নথিপত্র ব্যবস্থাপনার মাধ্যমে সেবাগুলো চালিয়ে যাচ্ছে। সরকারের কর্মকর্তাগণ অফিসে ফিজিক্যালি উপস্থিত না হয়েও গুরুত্বপূর্ণ কাজ, মিটিং ও গুরুত্বপূর্ণ স্বাক্ষর করে যাচ্ছেন নিরন্তর। ওয়েবিনারে মূল বক্তব্য প্রদান করেন সিটিও ফোরামের ফেলো সদস্য এবং কে ওয়াই স্টিলের হেড অফ আইটি পার্থ প্রতিম ঘোষ।

আয়োজনে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন সিটিও ফোরাম বাংলাদেশ-এর এক্সিকিউটিভ কমিটির সদস্য এবং পিএইচপি ফ্যামিলির হেড অফ আইটি আব্দুল্লাহ ফরিদ।