আওয়ামী লীগ দেশ ও জনগণের জন্য রাজনীতি করে —বাহাউদ্দিন নাছিম

আপডেট : ০৫ জুন ২০২১, ২১:২৬

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, শুধু মিছিল-সমাবেশ নয়, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা রাজনৈতিক দলের বড় দায়িত্ব। গতকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে হাইকোর্টের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, নির্মল পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগানো নয়, আমাদের কলকারখানা, যানবাহন থেকে যে কালো ধোঁয়া সৃষ্টি হয়, তা-ও রোধ করতে হবে। নদীর নাব্য ও খাল-বিল রক্ষা করতে হবে। তাহলেই পরিবেশের ভারসাম্য ফিরে আসবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুই প্রথম সবুজ বিপ্লবের ডাক দিয়েছেন।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। এ ছাড়া মানবন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি গাজী মেজবাহউল হোসেন সাচ্চু, সহসভাপতি ম আব্দুর রাজ্জাক ও আব্দুল আলিম ব্যাপারী, যুগ্মসাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়া, দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন প্রমুখ বক্তব্য রাখেন।