করোনাকালে বলিউডে নতুন সিদ্ধান্ত!

আপডেট : ০৫ জুন ২০২১, ২১:২৭

 বিনোদন ডেস্ক

 

করোনার কারণে সিনেমা হল থেকে শুরু করে অনেক বিগ বাজেটের সিনেমার শুটিং শুরু করেও বন্ধ রাখতে হয়েছে বলিউড নির্মাতাদের। হটাত্ করোনার প্রকোপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাদের। সেই তালিকায় রয়েছে সালমান-ক্যাটরিনার ‘টাইগার থ্রি’, শাহরুখ খান-দীপিকার ‘পাঠান’, সঞ্জয়লীলা বানসালি পরিচালিত আলিয়া ভাটের ‘গাঙ্গুবাঈ কটিয়াদি’, রণবীর-আলিয়ার ‘ব্রক্ষ্মাস্ত্র’, দক্ষিণী সুপারস্টার প্রভাস-কৃতি শ্যাননের ‘আদি পুরুষ’, অজয় দেবগণের ‘মে ডে’, তাপসী পান্নুর ‘মিঠু’সহ বেশকিছু সিনেমা। ফলে এ সকল সিনেমার নির্মাতা-প্রযোজক বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়ছেন। ক্ষতির হাত থেকে কিছুটা রেহাই পেতে সালমান খানের ‘টাইগার থ্রি’সহ একাধিক সিনেমার সেট ভেঙে ফেলার সিদ্ধান্তও নেওয়া হয়। কারণ শুটিং ছাড়া সেটগুলোর খরচ বহন করা ক্ষতির মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছিল। তবে অবশেষে তাদের ক্ষতির শঙ্কা কিছুটা হলেও দূর হতে যাচ্ছে। আগামীকাল মহারাষ্ট্র সরকারের আনলক প্লান ঘোষণা করার কথা রয়েছে। আর এই ঘোষণা এলেই মিলবে সিনেমা হল, শপিংমল খোলা ও শুটিং চালুর অনুমতি। তবে রাজ্য সরকার জানিয়েছে শুটিং শুরুর অনুমতি মিললেও কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে সংশ্লিষ্টদের। রাজ্য সরকারের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যটির ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী জানিয়েছিলেন যদি করোনা পরিস্থিতি ভালোর দিকে যায় তবে রাজ্যের বিভিন্ন জেলাকে তিন স্তরে ভাগ করে ধীরে ধীরে সবকিছু খুলে দেওয়া হবে। সেই ঘোষণা এবার বাস্তবায়িত হতে যাচ্ছে।  এখন অবধি রাজ্যটির মুখ্যমন্ত্রী প্রস্তাবটি নিয়ে কোনো মন্তব্য না করলেও আগামীকাল অনুমোদন মিলবে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।