কুষ্টিয়া চিনিকলের ৫২ মেট্রিক টন চিনি উধাও

আপডেট : ০৫ জুন ২০২১, ২১:৩৮

স্টোর কর্মকর্তা বরখাস্ত

মোস্তাফিজুর রহমান মঞ্জু, কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া চিনিকলের সুরক্ষিত গোডাউন থেকে ৫২ মেট্রিক টন চিনি উধাও হয়ে গেছে। ওই চিনির আনুমানিক বাজার মূল্য ৩২ লাখ ৭৬ হাজার টাকা। এ ঘটনায় চিনিকলের ষ্টোর কিপার ফরিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাছাড়া ঘটনাটি কিভাবে ঘটল তা বের করতে তিন  সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, মাড়াই বন্ধ কুষ্টিয়া চিনিকলের ষ্টোরে রক্ষিত চিনির পরিমাণ নির্ণয় ও পর্যবেক্ষণকালে উর্ধ্বতন কর্মকর্তারা ৫২ মেট্রিন টন চিনির ঘাটতি পান। বিষয়টি তাত্ক্ষণিকভাবে মিলের এমডিকে অবগত করা হলে তিনি ষ্টোর কিপার ফরিদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করেন। এছাড়া চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনকে চিঠি দিয়ে বিষয়টি অবহিত করা হয়। পরে চিনিকলের মহা-ব্যবস্থাপক (কারখানা) কল্যান কুমারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে সুরক্ষিত গোডাউনে থেকে এত বিপুল পরিমাণ চিনি কিভাবে গায়েব হলো তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এর সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ জড়িত বলে ধারণা করা হচ্ছে। চিনি চুরির ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে মিলের কর্মকর্তারা জানান।

কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাকিবুর রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ষ্টোর কিপারকে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।