বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-৭ এর অর্থমন্ত্রীদের বৈঠকে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলোকে বিশ্বব্যাপী করের আওতায় আনতে ঐতিহাসিক মতৈক্য হয়েছে। বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ন্যূনতম করপোরেট কর আরোপ নিয়েও মতৈক্যে পৌঁছেছে দেশগুলো। এখন থেকে এসব কোম্পানিকে অন্তত ১৫ শতাংশ করপোরেট কর দিতে হবে। গতকাল শনিবার লন্ডনে জি-৭-এর অর্থমন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর ফলে টেক জায়ান্ট আমাজন ও গুগলের মতো কোম্পানিগুলোও নতুন এই করের আওতায় আসবে।
বিবিসি জানায়, এই সিদ্ধান্ত কার্যকর হলে সরকারগুলোর হাতে বিলিয়ন বিলিয়ন ডলার আসবে, যা দিয়ে তারা মহামারি মোকাবিলায় ব্যয় সংকুলানের নতুন পথ পাবে। অন্যান্য দেশও যাতে এই পথ অবলম্বন করে, সে জন্য তাদের ওপর চাপ তৈরির চেষ্টা করা হবে। আগামী মাসে জি-২০-এর বৈঠকেই বিষয়টি আলোচনায় উঠবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বজুড়ে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে আসা বহুজাতিক কোম্পানিগুলোর ওপর কর আরোপ নিয়ে দীর্ঘদিন ধরে নানামুখী চ্যালেঞ্জের মুখে ছিল দেশগুলো। আমাজন ও ফেসবুকের মতো প্রযুক্তি করপোরেশনগুলোর বিস্তৃতি এই চ্যালেঞ্জ আরো বাড়াচ্ছিল। এখন কোম্পানিগুলো যেসব দেশে তুলনামূলক কম করপোরেট ট্যাক্স রয়েছে, সেসব দেশে স্থানীয় শাখা খুলতে পারে এবং সেখানে মুনাফা ঘোষণা করতে পারে। অর্থাত্ সেখানে তাদের শুধু স্থানীয় হারে কর দিয়ে গেলেই চলে। এমনকি সেখানে উত্পাদিত পণ্য অন্য কোনো দেশে বিক্রি করে এই অর্থ এলেও তারা তা করতে পারে। বৈধভাবেই কোম্পানিগুলো এই সুবিধা নিচ্ছে।
