জাতির পিতার প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে স্পিকার চিফ হুইপের শ্রদ্ধা নিবেদন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৫

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ও সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন টানা তৃতীয়বারের মতো জাতীয় সংসদের নির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী (লিটন চৌধুরী) ও একাদশ জাতীয় সংসদের সরকারি দলের হুইপরাও এসময় পৃথকভাবে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে ও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

গত বৃহস্পতিবার প্রথমে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর স্পিকার সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। এসময়  তিনি জাতীয় চার নেতা, ত্রিশ লাখ শহীদ আর সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোন, ’৭৫ এর ১৫ আগস্টের শহীদদের, ’৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনের বীর শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

স্পিকারের পর ডেপুটি স্পিকার জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে চিফ হুইপ লিটন চৌধুরীর নেতৃত্বে হুইপ আতিউর রহমান আতিক, পঞ্চানন বিশ্বাস, ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনি, সামশুল হক  চৌধুরী ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর স্পিকারসহ তারা সবাই সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় গণমাধ্যমের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় স্পিকার শিরীন শারমিন বলেন, ৩০ জানুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ সরকারের প্রতি আস্থা রেখেছে। গণতন্ত্রের অব্যাহত অগ্রযাত্রায় একাদশ জাতীয় সংসদ অনন্য মাইলফলক হয়ে থাকবে। জনগণের প্রত্যাশাপূরণ ও সার্বিক কল্যাণে কাজ করবে সরকার।

তিনি বলেন, সংসদে সরকারি দল ও বিরোধী দলের গঠনমূলক আলোচনা, সমালোচনা ও বিতর্কের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র আরও সুসংহত করতে একাদশ সংসদ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন বিস্ময়। উন্নয়নকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে একাদশ সংসদ কাজ করে যাবে। সুশাসন নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

শপথ নিলেন ইউনুস আলী

একাদশ জাতীয় সংসদের গাইবান্ধা-৩ আসনের নবনির্বাচিত আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য ডা. মো: ইউনুস আলী সরকার গত বৃহস্পতিবার এমপি হিসেবে শপথ নিয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সংসদ ভবনে তার কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।