আমরা সবাই কম-বেশি সোশাল মিডিয়া ব্যবহারে অভ্যস্ত। প্রতিনিয়তই বিভিন্ন ধরনের লোভনীয় অফার দিয়ে লিংক এসে থাকে। মোটা অঙ্কের টাকা বা চাকরির লোভ বা মেয়েদের উলঙ্গ ছবি দিয়ে ফাঁদ তৈরি করে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নিচ্ছে—এ-বিষয়ে আমাদের যথেষ্ট সচেতন হতে হবে। এছাড়া বিভিন্ন কার্ড পাঠানো বা বিভিন্ন মজাদার অ্যাপস লিংক ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। এসব লিংকে প্রবেশ করে ব্যবহারকারী তার গুরুত্বপূর্ণ তথ্য হারাচ্ছে। উদাহরণ হিসাবে বলা যায় যে, ‘জেনে নিন আগামী ১০ বছর পরে আপনার কী হবে’ বা ‘আপনার ব্যক্তিত্ব কেমন’—এমন অ্যাপসগুলো মজার ছলে হলেও এখানে প্রবেশের মাধ্যমে ব্যবহারকারী হারাতে পারেন তাঁর গুরুত্বপূর্ণ তথ্য। যার দরুন পরবর্তী সময়ে নানান সাইবার ক্রাইমের শিকার হওয়া বিচিত্র নয়। এছাড়াও লটারি জয়ী বা নির্দিষ্ট কিছু টাস্ক সম্পন্ন করে আইফোন ১২ পাওয়া যাবে—এমন চটকদার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওযা হচ্ছে আপনার গোপন সব তথ্য। এমনকি লিংকে প্রবেশের মাধ্যমে সম্পূর্ণ ডিভাইসের নিয়ন্ত্রণ হারিয়েছেন। তাই ব্যবহারকারীদের যথেষ্ট সচেতন হতে হবে। গুগলের ফ্রি ফিচার থেকে আমরা ডোমেইন হোস্টিংয়ের রেজিস্ট্রেশন হিস্ট্রি জানতে পারি। তাই এমন চটকদার প্রলোভন লিংকগুলো কপি করে সেটার হিস্ট্রি জেনে-বুঝে প্রবেশ করা উচিত। গুরুত্বপূর্ণ তথ্য চুরি হওয়ার আশঙ্কায় আমাদের সচেতন হতে হবে। আর এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদেরও দৃষ্টি আকর্ষণ করছি।
মো. নাজমুচ্ছাকিব
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
