ভাই-বোনসহ পৃথক স্থানে এক দিনে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০২১, ২১:৫২

দেশের বিভিন্ন স্থানে ঝড় ও বৃষ্টির মধ্যে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বজ্রপাতে ফেনীতে ভাইবোন, হাতিয়ায় এক জন, সিরাজগঞ্জে পাঁচ জন, শিবচরে এক জন, মুন্সিগঞ্জে এক জন, চট্টগ্রামে চার জন, টাঙ্গাইলে দুই জন ও সিংড়ায় এক জন মারা যায়। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

ফেনী :সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামে বজ্রপাতে ভাইবোনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো—তামান্না আক্তার (১৫) ও তার ফুফাতো ভাই আলামিন (৬)। তামান্না উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামের সোলেমান প্রকাশ মিস্টারের মেয়ে ও কাটাখিলা সামাদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। আমিন একই এলাকার বাহার উল্যাহর ছেলে ও কাজীরহাট কারামতিয়া হাফেজিয়া নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

হাতিয়া (নোয়াখালী) :হাতিয়ায় খোকন উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। খোকন হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের বাসিন্দা।

চট্টগ্রাম ও ফটিকছড়ি :চট্টগ্রামে পৃথক স্থানে বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ফটিকছড়ির কাঞ্চননগর ইউপির মানিকপুর গ্রামে দুই নারী কৃষি শ্রমিক নিহত ও দুই নারী আহত হয়েছেন। মৃতরা হলেন, ছমুরহাট শীলপাড়ার মৃত যোগেশ চন্দ্র দাশের স্ত্রী ভানুমতি দাশ (৫২) ও ডলুপাড়া গ্রামের বানেশ্বর দাশের স্ত্রী লাকী রানী দাশ (৩৫)। এছাড়া মিরসরাই শহরখালী ইউনিয়নের পূর্ব ডোমখালী ওয়ার্ডের দশম শ্রেণির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন (১৬) এবং বোয়ালখালীর দিনমজুর  মো. জাহাঙ্গীর (৩৯) মারা যায়।

শিবচর (মাদারীপুর) :বজ্রপাতে উপজেলার চরজানাজাত ইউনিয়নের বালুরটেকে এলাকার ছোরফান হাওলাদারের স্ত্রী আয়েশার (৫০) মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ :সিরাজদিখানে গতকাল খেলতে গিয়ে বজ্রপাতে কলেজ ছাত্র অপুর্ব বর্মন (১৭) নিহত ও এসময় আরো দুই যুবক আহত হয়েছে। অপূর্ব শেখরনগর জেলেপাড়া গ্রামের স্বপন বর্মনের পুত্র ও আলী আজগর অ্যান্ড আব্দুল্লাহ কলেজের পরীক্ষার্থী।

নাগরপুর (টাঙ্গাইল) :ভাদ্রা ও বেকড়া ইউনিয়নে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়। মৃতরা হলেন, উপজেলার ভাদ্রা ইউনিয়নের গাংবিহালী গ্রামের আলমাছ খান (৫৫) এবং বেকড়া ইউনিয়নের বেকড়া মধ্যপাড়া গ্রামের সোনা মিয়া (৫৩)।

সিংড়া (নাটোর) :সিংড়ার কলম কাজিপাড়া গ্রামে বজ্রপাতে কলেজছাত্র রাসেল (২২) নিহত হয়। সে হাতিয়ান্দহ ইউনিয়নের আলাদী গ্রামের ওসমান আলীর পুত্র এবং দিঘাপতিয়া এমকে ডিগ্রি কলেজের ছাত্র। 

সিরাজগঞ্জ :শাহজাদপুর, উল্লাপাড়া ও বেলকুচি উপজেলায় গতকাল বজ্রপাতে পাঁচ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামের আমানত মোল্লার ছেলে মো. আব্দুল্লা ওরফে জুয়েল রানা (২৬), নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের আলহাজ আলী বাবুর্চি (৬০), উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রামের শাহেদ আলীর ছেলে নবম শ্রেণির ছাত্র ফরিদুল ইসলাম (১৬), সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু গ্রামের রফিকুল ইসলাম (৪৫) ও বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামের লাইলি বেগম (৪৫)।