পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ত্রাণের ত্রিপল চুরির অভিযোগ ওঠেছে। এ নিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় শুভেন্দু অধিকারী, তার ভাই সৌমেন্দু অধিকারীসহ চার জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অভিযুক্ত অন্য দুই জন কাঁথি পৌরসভার কর্মী।
অভিযোগ, গত ২৯ মে দুপুরে শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ানদের উপস্থিতিতে ডরমেটরি মাঠসংলগ্ন পৌরসভার গুদাম থেকে ত্রিপল চুরির ঘটনা ঘটে। প্রায় লক্ষাধিক টাকার ত্রিপল চুরির অভিযোগ পুলিশকে জানিয়েছিলেন কাঁথি পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য রত্নদীপ মান্না ও আনিসুর রহমান। শুভেন্দু ও সৌমেন্দুর নেতৃত্বে ত্রিপল চুরির অভিযোগ জানিয়েছিলেন তারা। বিজেপির পক্ষ থেকে অভিযোগটি অস্বীকার করা হয়েছে।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নেওয়া রাখাল বেহেরা নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। অভিযোগ, রাখাল বেহেরার সঙ্গে পশ্চিমবঙ্গের সাবেক সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর যোগাযোগ ছিল। গত শনিবার তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি কলকাতা পুলিশ খতিয়ে দেখছে। ঘটনায় যুক্ত পশ্চিমবঙ্গের সেচ দপ্তরের সাবেক এক কর্মীকে খুঁজছে পুলিশ।
