প্রস্তাবিত বাজেটে বিড়ির ওপর আরোপিত অগ্রিম ১০ শতাংশ আয়কর কমানো, নকল বিড়ি বন্ধ ও বিড়িশিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর দাবিতে গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা বিড়ির মূল্যস্তর কমিয়ে নিচু স্তরের সিগারেটের মূল্যবৃদ্ধিসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।
লিখিত বক্তব্যে বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী বলেন, বিড়ির মূল প্রতিদ্বন্দ্বী হলো নিচু স্তরের সিগারেট। বাজারে বিক্রি হওয়া প্রায় ৭২ শতাংশই নিচু স্তরের সিগারেটের সিংহভাগই বিদেশি কোম্পানির দখলে। অথচ নিচু স্তরের সিগারেটের ওপর কোনো শুল্ক বৃদ্ধি করা হয়নি। এতে সিগারেট কোম্পানিগুলো একচেটিয়া ব্যবসার সুযোগ পাচ্ছে। বাজেটে যদি নিচু স্তরের সিগারেটে মূল্যস্তর বৃদ্ধি না করা হয় তাহলে বিড়িশিল্পের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম-সম্পাদক মো. হারিক হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, সহসাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু, প্রচার সম্পাদক মো. শামীম ইসলাম প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
