পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে, তা এখন স্থির করার সময় এসেছে। যে ভাষাকেই আমরা রাষ্ট্রভাষারূপে গ্রহণ করি, তার আগে আমাদের বিশেষভাবে ভেবে দেখতে হবে, কোন ভাষাকে রাষ্ট্রভাষারূপে গ্রহণ করলে সব থেকে বেশি সুবিধা হবে, কোন ভাষায় পাকিস্তানের সবচেয়ে বেশি সংখ্যক লোক কথা বলে, পাকিস্তানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা কোনটি, কোন ভাষায় সব থেকে শ্রেষ্ঠ সাহিত্য সৃষ্ট হয়েছে এবং কোন ভাষা ভাব প্রকাশের পক্ষে সব থেকে বেশি উপযোগী। যেদিক থেকেই বিবেচনা করা যাক না কেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার দাবিই সবচেয়ে বেশি। এর মধ্যে দ্ব্যর্থক যদিও কিছু নেই, তবু এখানে স্পষ্ট করেই বলা প্রয়োজন বোধ করছি যে, কেবল পূর্ব-পাকিস্তানের জন্যই নয়, পশ্চিম-পাকিস্তানসহ সমগ্র পাকিস্তানেরই রাষ্ট্রভাষা হওয়ার দাবি এবং যোগ্যতা সবচেয়ে বেশি বাংলা ভাষার।
পাকিস্তানের সবচেয়ে বেশি প্রচলিত ভাষা পাঁচটি:বেলুচী, পশতু, সিন্ধী, পাঞ্জাবী এবং বাংলা। পশ্চিম পাকিস্তানে উর্দুভাষা নেই তা নয়, বাংলাও আছে। কিন্তু পূর্ব-পাকিস্তানের তো নয়ই, পশ্চিম পাকিস্তানের কোনো প্রদেশের মাতৃভাষা উর্দু নয়।
পাকিস্তানের রাষ্ট্রভাষা নির্বাচন করতে হলে এই পাঁচটি ভাষার মধ্য থেকেই করতে হবে। এর মধ্যে প্রথম চারটি ভাষায় যারা কথা বলে, তাদের কারোই সংখ্যা বাংলাভাষীদের সমান নয়। পশতুভাষীদের সংখ্যা এক কোটির অনেক নিচে। বেলুচী এবং সিন্ধীভাষীদের সংখ্যা তার চেয়েও কম। ...ভাষা হিসেবে এগুলোর কোনটিই প্রথম শ্রেণির পর্যায়ে পড়ে না। এসব ভাষায় কোনো উন্নত সাহিত্য গড়ে উঠেনি। অতএব, এসব ভাষাকে রাষ্ট্রভাষিক প্রশ্ন থেকে বাদ দেওয়া যায়।
বাকি থাকে বাংলা। ...পূর্ব পাকিস্তানেই বাংলাভাষীর সংখ্যা পাঁচ কোটির মতো। ...পশ্চিম-পাকিস্তানের জনসংখ্যা কিছু কমবেশি তিন কোটি এবং ভাষা হিসেবে এই তিন কোটি লোকও আবার প্রধান চার ভাগে বিভক্ত। পাকিস্তানের সব থেকে বেশি লোকে কথা বলে বাংলা ভাষায়। এই হিসেবে পাকিস্তানে প্রচলিত ভাষাসমূহের মধ্যে রাষ্ট্রভাষা হবার দাবি সবচেয়ে বেশি বাংলার।...
...পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে তা এখনো কেউ বলতে পারেন না, কিন্তু কোন ভাষা রাষ্ট্রভাষা হতে পারে তা বলবার অধিকার সকলেরই আছে এবং কোন ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করলে ফলাফল কিরূপ হবে, তাও বলবার অধিকার সকলেরই আছে। আশা করি এ সম্বন্ধে কার কি মতামত তা জানতে পারবো। আরো একটি কথা সত্য যে, পূর্ব-পাকিস্তানের পাঁচ কোটি লোকের অন্তরকে যদি জানতে হয়, তবে পশ্চিম পাকিস্তানের নাগরিকগণকে পূর্ব-পাকিস্তানের ভাষা ও সাহিত্যকে বাধ্যতামূলকভাবে জানাতে হবেই। এক অংশের নাগরিক যদি অন্য অংশের নাগরিকদের না বুঝেন, তবে এক রাষ্ট্রের অন্তর্ভুক্ত থাকার অর্থ কিছুই থাকে না।...
সংগ্রহ ও গ্রন্থনা :দীপংকর চন্দ
