বিনোদন ডেস্ক
করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের বিভিন্ন রাজ্য এখনো লকডাউনের মোড়কে আটকা রয়েছে। তবে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে কিছু কিছু রাজ্য বিধি-নিষেধে শিথিলতা আনছে। পরিকল্পনা চলছে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার শর্তে শুটিংয়ের অনুমতি দেওয়ার। আর এতেই আশায় বুক বাঁধছেন নির্মাতা থেকে সিনেমা সংশ্লিষ্টরা। সেই তালিকায় যুক্ত হলেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। জানা গেছে, লুভ রঞ্জন পরিচালিত নতুন এই সিনেমাটির তৃতীয় লটের শুটিং আগামী ২০ তারিখ থেকে শুরুর পরিকল্পনা চলছে। এরইমধ্যে রণবীর-শ্রদ্ধা থেকে শুরু করে সিনেমাটি সংশ্লিষ্ট সবাই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। শুটিংয়ের অনুমতি মিললেই তারা দিল্লি ও মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু করবেন। তবে করোনাকালীন শুটিংয়ে ফেরা নিয়ে বেশ শঙ্কিত শ্রদ্ধা। তিনি বলেন, ‘দেশের এই অবস্থায় শুটিংয়ে ফেরা নিয়ে শঙ্কা কাজ করছে। তবে আশার কথা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুটিংয়ের অনুমতি পেলে চেষ্টা করবো স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার। কারণ শুটিং বন্ধ হওয়ায় প্রযোজক-নির্মাতাদের লোকসানের হিসেব কষতে হচ্ছে। এছাড়া কাজের অভাবে সিনেমার অনেক মানুষ মানবেতর দিন পার করছে। তাই শুটিংয়ে ফেরাটাও একজন তারকা হিসেবে আমার দায়িত্ব।’ এছাড়া রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার ও সিনেমাটি প্রসঙ্গে শ্রদ্ধা আরো বলেন, ‘সিনেমাটি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না। আর রণবীরের সঙ্গে আমার কেমিস্ট্র নিশ্চয় ভক্তদের জন্য নতুন চমক হতে যাচ্ছে।’
