বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার বৈটপুর এলাকায় ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় নবজাতককে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। বাগেরহাট সদর থানার পরিদর্শক আবু সাঈদ জানান, বেমরতা ইউনিয়নের চিতলী বৈটপুর গ্রামের একটি চায়ের দোকানের পাশে শিশুটি পড়েছিল। রাতে স্থানীয় ইমরান শেখের স্ত্রী লিজা আক্তার নবজাতকের কান্না শুনতে পেয়ে তাকে বাড়িতে নিয়ে যান। পরে ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে পুলিশ শিশুটিকে নিয়ে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। তদন্ত করে দেখা হচ্ছে। এরই মধ্যে শিশুটিকে দত্তক নিতে অনেকেই আগ্রহ দেখিয়েছে। বিষয়টি আদালতে জানানো হবে। আদালত ঠিক করবে পরবর্তী করণীয় বিষয়ে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবীর জানান, সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক মেয়েটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তাকে হাসপাতালে রেখে নিবিড় পরিচর্যা করা হচ্ছে।
