ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। রবি ও সোমবার এসব পৃথক দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁওয়ে সোমবার ভোর ৬টার দিকে বালুবাহী ড্রামট্রাকের চাপায় পিষ্ট হয়ে পথচারী দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন : উপজেলার খুরশিদমহল গ্রামের মাসুস (২০) ও মানিক (৩০)। গফরগাঁও-হোসেনপুর সড়কে খুরশীদমহল ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, ব্রিজের টোল প্লাজার সিসি ক্যামেরার সাহায্যে ঘাতক ট্রাকটি শনাক্ত করা হয়েছে।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : কালীগঞ্জে সোমবার দুপুর ১২টার দিকে ট্রাকচাপায় জিহাদ হোসেন (১৮) নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার হেলায় গ্রামের জহুরুল ইসলামের ছেলে। পুলিশ কর্মকর্তা ইব্রাহীম হোসেন জানান, শহরের হাসপাতাল সড়কে অগ্রনী ব্যংকের সামনে একটি ইজিবাইক সাইকেল আরোহী জিহাদ হোসেনকে ধাক্কা দিলে তিনি চলন্ত ট্রাকের নিচে পড়ে মারা যান।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : ভূরুঙ্গামারীতে সোমবার সকালে ট্রলি উলটে হেলপার শাহীন মিয়া (২৫) মারা গেছেন। আহত হয়েছেন চালকসহ দুই জন। সোনাহাট স্থল বন্দর থেকে ট্রলি মাল নেওয়ার জন্য ভূরুঙ্গামারী আসার পথে লক্ষ্মীমোড় নামক স্থানে পৌঁছলে উলটে এ হতাহতের ঘটনা ঘটে। ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ ও সলঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজনের প্রাণ গেছে। সোমবার বেলা ১১টার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ও রোববার রাত ১১টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ীতে দুর্ঘটনা দুটি ঘটে। নিহতেরা হলেন : ট্রাকচালক নাজমুল ইসলাম (৪৮) ও মোটর সাইকেল আরোহী রওশনারা বেগম (৫০)। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন জানান, রবিবার রাতে ঢাকা থেকে পণ্যবাহী ট্রাক উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। মুলিবাড়ী এলাকায় পৌঁছলে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে চালক নাজমুল ইসলাম মারা যান। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী জানান, সোমবার সলঙ্গা থানার ধোপাকান্দি মমতাজ ফিলিং স্টেশনের সামনে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী রওশনারা বেগমের মৃত্যু হয়েছে।
