রাজশাহীতে মা-ছেলেসহ বজ্রপাতে ১৭ জনের মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০২১, ২২:১২

রাজশাহীতে মা-ছেলেসহ সারা দেশে ঝড়-বৃষ্টিতে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। গত রবিবার সন্ধ্যা থেকে গতকাল সোমবার বজ্রপাতে রাজশাহীতে চার জন, মানিকগঞ্জে চার জন, দিনাজপুরে দুই বোন, সাতক্ষীরায় দুই জন, ফরিদপুরে এক জন, নওগাঁতে এক জন, মেহেরপুরে এক জন, পটুয়াখালীতে এক জন ও মাদারীপুরে এক জন মারা যায়। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

ঘিওর (মানিকগঞ্জ) : ঘিওরে বজ পাতে চার জন নিহত এবং এক জন আহত হয়েছেন। মৃতরা হলেন উপজেলার চরবৈলট গ্রামের মুক্তার মিয়ার ছেলে ও মহাদেবপুর ডিগ্রি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র শাহীন মিয়া (১৮), উপজেলার ঠাকুরকান্দি গ্রামের আর্শেদ মিয়ার ছেলে জুলহাস মিয়া জুলু (২৮), উপজেলা কুস্তা গ্রামের মো. লতিফ মিয়ার ছেলে মো. ইবাদুল (৩০) এবং দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের মহিষের গাড়িচালক গোলাম মোস্তফা (৪০)।

নওগাঁ : সাপাহারে বজ্রপাতে কিশোর হোসেন আলীর (১৪) মৃত্যু হয়েছে। হোসেন আলী সাপাহার উপজেলার সাহাবাজপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।

শিবচর (মাদারীপুর) : শিবচরে বজ্রপাতে রাকিব শেখ (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের দোতারা এলাকায় এ ঘটনা ঘটে। রাকিব দোতারা এলাকার মোলাকান্দী গ্রামের জহির উদ্দিন শেখের ছেলে।

চারঘাট (রাজশাহী) : চারঘাট উপজেলার চককাপাসিয়া এলাকায় বজ্রপাতে দুই শিশুসহ চার জন নিহত ও এক জন আহত হয়েছেন। তারা হলেন আজম আলীর স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও ছেলে সোহান আলী (১০), কাবিল উদ্দিনের স্ত্রী আলেয়া বেগম (৫৫) ও জনির ছেলে পরশ আলী (১০)। গতকাল উপজেলার ইউসুফপুর ইউনিয়নের চককাপাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মেহেরপুর : মুজিবনগরে গতকাল বজ্রপাতে উকিল (৩৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উকিল উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর মাঝপাড়া গ্রামের মৃত তেতুল হোসেনের ছোট ছেলে।

হাকিমপুর (দিনাজপুর) : হাকিমপুর উপজেলায় বৃষ্টির মধ্যে আম কুড়ানোর সময় গতকাল বজ্রপাতে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন উপজেলার চেংগ্রামের মফিজ উদ্দীনের দুই মেয়ে মোছা. মোবাশ্বেরা খাতুন (৭) ও মোছা. মহসিনা খাতুন (১২)। মহসিনা ৬ষ্ঠ শ্রেণির এবং মোবাশ্বেরা ১ম শ্রেণির ছাত্রী।

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) : উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে গত রবিবার বজ্রপাতে আব্দুল জলিল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ঐ গ্রামের মৃত শেরজন হাওলাদারের ছেলে।

সাতক্ষীরা প্রতিনিধি : বজ্রপাতে সাতক্ষীরায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের মো. বজলুর রহমানের কন্যা মোছা. রাবেয়া খাতুন (২০) এবং তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের হরিণখোলা গ্রামের আশুতোষ মণ্ডলের ছেলে মত্স্যঘের ব্যবসায়ী কিশোর মণ্ডল (৩৭)।

চরভদ্রাসন (ফরিদপুর) : চরভদ্রাসনে বজ্রপাতে সিয়াম প্রামানিক (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সিয়াম সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী শামসু মণ্ডলের একমাত্র ছেলে ও চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।