নতুন বাজেটে সামরিক খাতে সর্বোচ্চ বরাদ্দের ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ২০১৯-২০ অর্থবছরে এই খাতে বরাদ্দ তিন লাখ কোটি রুপি ছাড়িয়ে গেছে। গতকাল শুক্রবার লোকসভায় অর্থমন্ত্রী পিযুশ গয়াল এই বাজেট ঘোষণা করেন। বাজেট পেশকালে অর্থমন্ত্রী বলেন, সেনারা দেশকে রক্ষা করছে, তারা জাতির গর্ব। সীমান্তকে আরও সুরক্ষিত করতে বাজেটে আমরা তিন লাখ কোটি রুপির বেশি বরাদ্দ দিচ্ছি। এখন পর্যন্ত যা সর্বোচ্চ। প্রয়োজনে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে। তিনি বলেন, সরকার ইতোমধ্যে ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন ধারণা বাস্তবায়ন করেছে এবং ৩৫ হাজার কোটি রুপি ছাড় করেছে। এ ক্ষেত্রে কংগ্রেস শুধু প্রতিশ্রুতি দিয়েছিল আমরা বাস্তবায়ন করেছি।
তবে বাজেটের সমালোচনা করেছে বিরোধী দলগুলো। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ভোটের বাজেট বানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। এর প্রভাব লোকসভা নির্বাচনে পড়বেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বাজেটকে ‘প্রহসন’ দাবি করে বলেছেন, বাজেট বিজেপির নির্বাচনী মেনিফেস্টো ছাড়া আর কিছুই নয়। বাজেট প্রস্তাব কার্যকর করা হবে না।
