চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার দাবি

আপডেট : ০৮ জুন ২০২১, ০০:২১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার দাবিতে আগামী শুক্রবার বেলা সোয়া ৩টায় শাহাবাগে স্বাস্থ্যবিধি মেনে জনসমাবেশ করার ঘোষণা দিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা । বক্তারা বলেন, মানুষের গড় আয়ু বাড়ায় ২০১১ সালে চাকরি থেকে অবসরের বয়স বাড়িয়ে ৫৯ বছর করা হয়। গত ৩০ বছরে মানুষের গড় আয়ু ১৬ বছর বেড়েছে। কিন্তু অবসরের বয়স বাড়ানো হলেও চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হয়নি। এ ছাড়া কোভিড-১৯ এর কারণে গত বছরের মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পাশাপাশি সরকারি-বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিও প্রায় শূন্যের কোঠায়। বন্ধ রয়েছে বিসিএসের বিভিন্ন পরীক্ষাও। ফলে অনেকেই আবেদন করতে না পেরেই চাকরির বয়স ৩০ পার করে ফেলছেন।

বক্তারা আরো বলেন, ‘করোনায় শিক্ষার্থীদের দুই বছর সময় নষ্ট হয়েছে। তাই করোনাকালীন প্রণোদনা হিসেবে প্রধানমন্ত্রীর কাছে আমরা চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়ানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এতে বেকার সমাজ প্রধানমন্ত্রীর কাছে চির কৃতজ্ঞ থাকবে।’

চাকরি প্রত্যাশীরা জানান, তারা ইতিমধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রীসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে স্মারকলিপি দিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তানভির হোসেন, সাজিদ রহমান, আনোয়ার সাকিন, অক্ষয় রায়, সুমনা রহমান, মানিক রিপন প্রমুখ।