বাংলাদেশ সফর
স্পোর্টস ডেস্ক
জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচটি টি-২০ ও তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ান সফরের জন্য আগেই ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ান দ্বীপ থেকে সরাসরি বাংলাদেশ সফরে আসবে স্মিথ-ওয়ার্নাররা। বাংলাদেশ সফরকে চিন্তা করে প্রাথমিক দলে আরো ছয় ক্রিকেটার অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া। সবমিলিয়ে দুই সফরের জন্য গতকাল ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে দেশটি।
নতুন করে প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন ওয়েস অ্যাগার, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, বেন ম্যাকডারমট, অ্যাশটন টার্নার ও অভিজ্ঞ অলরাউন্ডার ড্যান ক্রিস্টিয়ান। গ্ল্যামারগনের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলায় ব্যস্ত মার্নাস লাবুশেন অবশ্য প্রাথমিক দলে নেই। ভ্রমণ জটিলতার কারণে তাকে দলে রাখা হয়নি।
সাড়ে তিন বছর পর ডাক পেয়েছেন ক্রিস্টিয়ান। ২০১৭ সালে সর্বশেষ দেশের হয়ে খেলেছিলেন ৩৮ বছর বয়সি এ অলরাউন্ডার। ডানহাতি পেসার ওয়েস অ্যাগার, ন্যাথান এলিস প্রথমবার সুযোগ পেলেন অস্ট্রেলিয়ার প্রাথমিক দলে। অ্যাডাম জ্যাম্পার সঙ্গে তরুণ লেগ স্পিনার তানভির স্যাঙ্ঘাকে রাখা হয়েছে দলে। কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও ম্যাথু ওয়েড, ডার্সি শর্ট, মার্কাস স্টয়নিস, বাঁহাতি স্পিনার মিচেল সোয়েপসন ডাক পেয়েছেন দলে। আগামী ২৮ জুন চার্টার্ড বিমানে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়বে অস্ট্রেলিয়ানরা। ২৫ জুলাই শেষ হবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। পরে ২৮ জুলাই তাদের বাংলাদেশে আসার কথা রয়েছে।
n অস্ট্রেলিয়ার প্রাথমিক দল
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স কেয়ারি, ড্যান ক্রিস্টিয়ান, প্যাট কামিন্স, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, মোয়েজেস হেনরিকস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, তানভির স্যাঙ্ঘা, ডার্সি শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।
