গুমরিয়া নদীর ভাঙন
ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের গুমরিয়া নদীতে শুরু হয়েছে ভাঙন। গত রবিবার থেকে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। আর এতে হুমকিতে রয়েছে মেকিয়ারকান্দা বাজার, মেকিয়ারকান্দা উচ্চ বিদ্যালয় এবং আশপাশের বসতবাড়ি। এতে চরম আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। রবিবার বৃষ্টি হলে পাহাড় থেকে নেমে ঢলে নদীতে পানি বেড়ে যাওয়ায় এ ভাঙন শুরু হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, গুমরিয়া নদীর পাড় ভেঙে গেছে। স্থানীয়রা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে পানির স্রোতে নদীর পাড়ে ভাঙন দেখা দেয়। তবে এ বছর অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। নদীতে পানির চাপ সৃষ্টি হলে পাশে অবস্থিত মেকিয়ারকান্দা বাজার বিলীন হয়ে যেতে পারে। একই সঙ্গে আশপাশের বসতবাড়িও ভাঙনের কবলে পড়বে। স্থানীয় বাসিন্দা মুন্সিরহাট ফাজিল মাদ্রসার ভাইস প্রিন্সিপাল সাইদুর রহমান জানান, যেভাবে নদী ভাঙন হচ্ছে তাতে আশপাশের মানুষ অনেক আতঙ্কে দিন কাটাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় ঘরবাড়ি নদীতে তলিয়ে যেতে পারে। এদিকে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ইউপি চেয়ারম্যান ফরহাদ রব্বানী সুমন জানান, রবিবার বৃষ্টি হওয়ায় পাহাড় থেকে নেমে আসা ঢলে গুমরিয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদী ভাঙন শুরু হয়েছে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন। আবারও লিখিতভাবে জানাবেন বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিকুজ্জামান জানান, বিষয়টি তিনি দেখবেন।
ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আরাফাত হাসান বলেন, সরেজমিনে পরিদর্শন করে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে।
