ভূরুঙ্গামারীতে ইউপি ভবনে তালা
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ের কম্পিউটার চুরি ও পরিষদের কক্ষে তালা লাগানোর ঘটনায় বরখাস্তকৃত চেয়ারম্যানসহ ৩৫ জনকে আসামি করে মামলা হয়েছে। সোমবার রাতে প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান ভূরুঙ্গামারী থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ রাতে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো—দেওয়ানের খামার গ্রামের জয়নাল আলী ও আব্দুল কাদের। উল্লেখ্য, গণউপদ্রব সৃষ্টি ও ফৌজদারী অপরাধে চলতি বছরের ১৭ জানুয়ারি ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বরখাস্তের আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন চেয়ারম্যান। গত ৪ মে হাইকোর্ট বরখাস্তের আদেশকে ছয় মাসের জন্য স্থগিত করে। এরই পরিপ্রেক্ষিতে নিজেকে চেয়ারম্যান দাবি করে গত বৃহস্পতিবার অনুসারিদের নিয়ে ইউনিয়ন পরিষদের তথ্য সেবাকেন্দ্রের কম্পিউটার, ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে যান মাহমুদুর রহমান। শুধু তাই নয়, রবিবার রাতে তার অনুসারীরা পরিষদ ভবনের সব কক্ষে তালা লাগিয়ে অবস্থান নেয়। এরই পরিপ্রেক্ষিতে প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান সোমবার রাতে বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনকে আসামি করে কম্পিউটার চুরি ও সরকারি কাজে বাধার অভিযোগে মামলা করলে পুলিশ রাতেই দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম মামলা দায়ের ও দুই জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
