উজাড় হচ্ছে প্রাকৃতিক টিলা

আপডেট : ০৮ জুন ২০২১, ২১:১২

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়ন। এর পূর্ব পাশে ভারত সীমান্ত। সীমান্তের অনেকটা কাছাকাছি লম্বালম্বিভাবে আনন্দপুর গ্রামের বিভিন্ন এলাকাজুড়ে রয়েছে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ছোট-বড় টিলা। আনন্দপুরের উত্তর, দক্ষিণ ও মধ্যপাড়ার এসব টিলাজুড়ে রয়েছে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি বৃক্ষ। এসব টিলার কিছু সরকারি খাস খতিয়ানের, আবার কিছু রয়েছে ব্যক্তি মালিকানাধীন। এখানকার কিছু প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ে বেশ কিছুদিন ধরে এস্কেভেটর দিয়ে অবাধে টিলা কেটে বালু বিক্রি করছেন। বেপরোয়াভাবে এসব টিলা কাটায় বহুস্থান সমতল ভূমির রূপ পেয়েছে। অনেক স্থানে এতটাই গভীরভাবে মাটি বা বালু কেটে নেওয়া হয়েছে যে মনে হবে জলাশয়। কিছুস্থানে শুধু ঘর-বাড়িগুলো রেখে আশপাশের মাটি কেটে নেওয়ায় চরম ঝুঁকিতে রয়েছে ঘরগুলো। যে কোনো মুহূর্তে ভূমি ধসে এসব ঘর ভেঙে পড়তে পারে। প্রাকৃতিক এসব টিলা নিশ্চিহ্ন হওয়ার পাশাপাশি হারিয়ে যাচ্ছে মূল্যবান গাছপালা। এতে বিপর্যয়ের মুখে পড়ছে পরিবেশও। স্থানীয় লোকজন হামলা-মামলার ভয়ে প্রভাবশালীদের বিরুদ্ধে প্রতিবাদের সাহসও করে না। এ অবস্থায়, মাটিখেকোদের হাত থেকে প্রাকৃতিক এসব টিলা এবং মূল্যবান গাছপালা রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মামশাদ কবীর, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০