দুই দিন পর ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

আপডেট : ০৮ জুন ২০২১, ২১:১৩

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার লেনদেনের শুরুতে দেশের শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দিলেও শেষ ঘণ্টার লেনদেনে মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বেড়েছে। এর মাধ্যমে দুই কার্যদিবস নিম্নমুখী থাকার পর ঊর্ধ্বমুখী ধারায় ফিরল শেয়ারবাজার।

বিশ্লেষকরা বলছেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের আগে শেয়ারবাজার টানা ঊর্ধ্বমুখী ছিল। তবে প্রস্তাবিত বাজেটের পর বাজারে কিছুটা মূল্য সংশোধন হয়। এটা ছিল স্বাভাবিক। এখন মূল্য সংশোধনের পর বাজার আবার ঘুরে দাঁড়িয়েছে। তারা বলছেন, ২০১০ সালের ধসের পর বাজার এখন সব থেকে ভালো অবস্থায় রয়েছে। তবে বাজার টানা ঊর্ধ্বমুখী থাকবে এটা ভালো না। আবার টানা দরপতন হবে তাও কাম্য না। উত্থান-পতনের মাধ্যমে বাজার এগিয়ে যাবে এটাই ভালো বাজারের লক্ষণ।

তারা আরো বলছেন, সব থেকে বড় বিষয় লেনদেনের গতিপ্রকৃতি। হঠাত্ যদি লেনদেন বড় অঙ্কে কমে যায়, তা বাজারের জন্য ভালো না। দুই দিন বাজার নিম্নমুখী থাকলেও লেনদেন হয়েছে ২ হাজার কোটি টাকার ওপরে। লেনদেনের গতি কমেনি। এটা বাজারের জন্য ভালো লক্ষণ।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক আগের দিনের তুলনায় ৪৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৩ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক এক পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ১৪৫টির। আর ৪৩টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ২ হাজার ৬৫ কোটি ৭৫ টাকা। আগের দিন লেনদেন হয় ২ হাজার ৮৩ কোটি ২৮ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৭ কোটি ৫৩ লাখ টাকা।

টাকার অঙ্কের ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৫৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা পাইওনিয়ার ইনসিওরেন্সের ৭৬ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫৪ কোটি ৩৬ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ফিড, এনআরবিসি ব্যাংক, সন্ধানী লাইফ ইনসিওরেন্স, গ্লোবাল ইনসিওরেন্স, সোনার বাংলা ইনসিওরেন্স ও কাট্টলী টেক্সটাইল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক বেড়েছে পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৫ কোটি ৭৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩০০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টির দাম বেড়েছে। বিপরীতে ১১১টির দাম কমেছে এবং ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে।