স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
ফতুল্লায় কিশোরী অপহরণের অভিযোগে মো. লিটন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহূত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত লিটন ফতুল্লা থানার আরাফাত নগরের মৃত নুরু ইসলামের পুত্র। গতকাল দুপুরে ফতুল্লার ধর্মগঞ্জ ঢালিপাড়া এলাকা থেকে লিটনকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানার পুলিশ। এর আগে কিশোরীর মা বাদী হয়ে অপহরণের অভিযোগ এনে লিটনসহ অজ্ঞাতনামা আরো কয়েক জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, তার কিশোরী মেয়ে বিগত চার-পাঁচ মাস ধরে পঞ্চবটী প্রেমরোডস্থ স্বপনের হোসিয়ারিতে কাজ করে আসছিল। যাতায়াতকালে বখাটে লিটন প্রায়ই তার মেয়েকে উত্ত্যক্তসহ প্রেম নিবেদন করত। বিষয়টি মেয়ে তাদের জানালে লিটনকে তার মেয়েকে বিরক্ত না করার জন্য অনুরোধ করে। এতে লিটন আরো ক্ষিপ্ত হয়ে উঠে। তারই পরিপ্রেক্ষিতে গত ৩ জুন সকাল সাড়ে ৮টার দিকে তার মেয়ে তাদের ধর্মগঞ্জের ঢালিপাড়াস্থ মুন্সিবাড়ী রোডের বাসা থেকে কাজের উদ্দেশে বের হলে মধ্যঢালী পাড়াস্থ ব্রিজের ঢালে পৌঁছামাত্র বখাটে লিটনসহ অজ্ঞাতনামা আরো কয়েক জন জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে লিটন বাদীর বড় মেয়েকে ফোন করে জানায় যে, অপহূত কিশোরী তার হেফাজতে রয়েছে। এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে ঐ কিশোরীকে হত্যার হুমকি দেয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, কিশোরীকে অপহরণের অভিযোগ পেয়ে উদ্ধার অভিযানে নামে পুলিশ। মঙ্গলবার দুপুরে অপহূত কিশোরীকে উদ্ধারসহ অপহরণকারী লিটনকে গ্রেফতার করা হয়। বাদীর লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অপহূত কিশোরীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
