সংস্কৃতিমনস্ক প্রজন্ম গড়তে সংস্কৃতিক্ষেত্রে বাজেট বৃদ্ধির দাবি

আপডেট : ০৮ জুন ২০২১, ২২:০২

সংস্কৃতি খাতে সরকারের বাজেট বরাদ্দ নিয়ে ক্ষুব্ধ দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। গতকাল সংবাদ সম্মেলন করে তারা বরাদ্দকৃত অপ্রতুল বাজেট প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সংস্কৃতিমনস্ক প্রজন্ম গড়তে সংস্কৃতিক্ষেত্রে কার্যক্রম জোরদার করতে হবে। কিন্তু সরকারের কর্মকাণ্ডে তা পরিলক্ষিত হচ্ছে না। এর আগেও সরকারের কাছে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধিসহ বেশকিছু দাবি জানানো হয়েছে। কিন্তু সেসব দাবি বাস্তবায়নে সরকারি কোনো উদ্যোগ দেখা যায়নি। দেশব্যাপী সংস্কৃতিক্ষেত্রে গতিশীলতা আনতে জাতীয় বাজেটের ১ শতাংশ বরাদ্দ প্রদানের দাবি জানান দেশের কবি-শিল্পী-সাহিত্যিকরা। তা না হলে, লকডাউন শেষে আন্দোলনের ডাক দিয়েছেন জোটের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। তিনি জানান, জাতীয় বাজেটে গুরুত্বপূর্ণ সংস্কৃতি খাতকে চরমভাবে অবহেলা করা হয়েছে। সংস্কৃতি খাতে এবারও বরাদ্দ দেওয়া হয়েছে জাতীয় বাজেটের  ০.০৯৭ শতাংশ মাত্র।

এছাড়াও জাতীয়ভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী ফকির আলমগীর, জয় বাংলা সাংস্কৃতিক ঐক্য জোটের সভাপতি সালাউদ্দিন বাদল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাট্যজন ঝুনা চৌধুরী, জাতীয় কবিতা পরিষদের সহসভাপতি আসলাম সানী, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার প্রতিনিধি ফারহানা চৌধুরী বেবী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক আজহারুল হক আজাদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাহী সদস্য এইচ আর অনিক ও বাংলাদেশ শিশুসংগঠন ঐক্য জোটের সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহম্মেদ গিয়াস।