সাফল্যের ৭ বছর

আপডেট : ০৯ জুন ২০২১, ২০:২২

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

দেখতে দেখতে ৭ বছর হয়ে গেছে কৃতি শ্যাননের। ‘হিরোপন্তি’ ছবিতেই অভিষেক হয়েছিল এই দীর্ঘাঙ্গী অভিনেত্রীর। তার গ্ল্যামারাস ইমেজ, শারীরিক সৌন্দর্য এবং অভিনীত চরিত্রে সহজ সাবলীল পারফরমেন্স—সবই দর্শকদের মুগ্ধ এবং আকৃষ্ট করেছিল। গত ৭ বছরে কৃতি খুব বেশি সিনেমায় অভিনয় করেননি। তবে তার অভিনীত ছবিগুলোর সাফল্য এবং প্রতিটি ছবিতে বৈচিত্রময় চরিত্রে উজ্জ্বল উপস্থিতি সবার মনে আলাদাভাবে দাগ কাটে। ‘দিলওয়ালে’, ‘বেরিলি কি বরফি’, ‘লুকাচুপি’, ‘পানিপথ’— কৃতি অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবিগুলো একটির চেয়ে যেন অন্যটি সম্পূর্ণই আলাদা। এই ৭ বছরে কৃতি নিজেকে গড়ে তুলেছেন বলিউডের একজন চাহিদাসম্পন্ন অভিনেত্রী হিসেবে। নিজের এই পথচলা কেমন ছিল? কৃতি এ প্রসঙ্গে নিজের কাজের মূল্যায়নে বলেন, ‘গত ৭ বছরে আমি অনেক কিছু শিখেছি, নানাভাবে অভিজ্ঞতা অর্জন করেছি। অভিনীত প্রতিটি ছবিতে নতুন নতুন বৈচিত্র্যময় রোলে পর্দায় হাজির হয়েছি। প্রথম তিন চার বছর ধীরে সুস্থে পথ চলতে চেয়েছি সাবধানে; অতি সতর্কতায় পা ফেলেছি। কোনোরকম ভুল করে পরে পস্তাতে চাইনি। দেখে শুনে বুঝে হাতে ছবি নিয়েছে। যার সুফল আমি পাচ্ছি এখন।’ করোনা মহামারিতে অনেক অভিনেত্রীর হাতে ছবি না থাকলেও কৃতির হাতে এই মুহূর্তে ৭টি নতুন ছবি রয়েছে। তার হাতের প্রতিটি ছবিই নানাভাবে উল্লেখযোগ্য। এর মধ্যে ‘আদিপুরুষ’ ছবিটি হিন্দি পৌরণিক কাহিনি অবলম্বনে নির্মিত হচ্ছে। এ ছবিতে কৃতিকে সীতার ভূমিকায় দেখা যাবে। হরর ধাঁচের ছবি ‘ভেদিয়া’য় বরুন ধাওয়ানের সঙ্গে অভিনয় করছেন তিনি। অ্যাকশন ছবি ‘গণপথ’-এ টাইগার স্রফ, ‘বচ্চন পান্ডে’-তে অক্ষয় কুমার এবং ‘হাম দো হামারে দো’-তে রাজকুমার রাওয়ের বিপরীতে তাকে দেখা যাবে রোমান্টিক নায়িকার ভূমিকায়। ওদিকে ফ্যামিলি সেন্টিমেন্ট নির্ভর ‘মিমি’ ছবিতে কৃতি শ্যানন একজন সরোগেট মায়ের চরিত্রে অভিনয় করছেন। এর বাইরো আরো একটি বিগ বাজেটের নতুন ছবিতেও কৃতি শ্যাননের অভিনয়ের কথা পাকা হয়ে আছে। তার মানে, ক্যারিয়ারের সপ্তম বছরে পৌঁছে দারুণ ব্যস্ত এবং চাহিদাসম্পন্ন অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। বলিউডে তার কদর বেড়েছে। অভিনেত্রী হিসেবে তার যোগ্যতার যথার্থ মূল্যায়ন হতে শুরু করেছে এতদিনে। কৃতি শ্যাননন সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেন, ‘আমি বিশেষ কোনো ধরনের ছবিতে নির্দিষ্ট এক ধরনের চরিত্রে সীমাবদ্ধ রাখিনি গত সাত বছরে। আমি যেমন নায়িকা হয়েছি, তেমনিভাবে আইটেম সঙ-এ পারফর্ম করেছি বেশ কয়েকটি সিনেমায়। দর্শক আমার কাজে খুশি হয়েছে, নির্মাতারাও আমার কদর বুঝেছেন আমার ওপর আস্থা রাখতে শুরু করেছেন যোগ্যতার কারণে। আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই নতুন নতুন ছবিতে।’