প্রচন্ড শীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলীয় শহরগুলো পুরোপুরি অচল হয়ে পড়েছে। এরই মধ্যে দেশটির পাঁচটি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৃহস্পতিবার কোনো কোনো শহরের তাপমাত্রা ছিল মাইনাস ৪৬ ডিগ্রি ফারেনহাইট।
শিকোগোর একটি হাসপাতালের চিকিত্সক পুলাকিদাস স্তাতিস জানান, একদিন আগে তীব্র শীতে ১২ জনের মৃত্যু হয়েছিল। পরে একই সমস্যায় প্রাণ হারায় কমপক্ষে আরো ১৩ জন। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বেশ কয়েকটি জায়গার তাপমাত্রা হিমাঙ্কের প্রায় ৬০ ডিগ্রি নীচে রয়েছে। মিনেসোটার আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাঙ্কের চেয়ে ৭০ ডিগ্রি পর্যন্ত নীচে নামতে পারে এই স্টেটের তাপমাত্রা। ১৮০০ সালের পর চলতি বছরই এরকম ঠান্ডা পড়েছে মিনেসোটায়। হিমাঙ্কের প্রায় ৪ ডিগ্রি নীচে রয়েছে ওয়াশিংটনের তাপমাত্রা। শিকাগোতে বর্তমান তাপমাত্রা মাইনাস ২৩ ডিগ্রি, ডেট্রয়েটেও তা হিমাঙ্কের প্রায় ২৮ ডিগ্রি নীচে। নিউইয়র্কে গড় তাপমাত্রা শূন্য ডিগ্রি। এছাড়া ওরলিয়ান্স কাউন্টি, নায়াগ্রা ও বাফালো, টরন্টোতে তাপমাত্রা প্রায় মাইনাস ১৪ ডিগ্রি রয়েছে।
ইতিমধ্যে উইসকনসিন, মিশিগান, ইলিনয়, আলাবামা ও মিসিসিপি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কোনো সড়কই গাড়ি চালানোর উপযোগী নেই। ফলে বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়সহ বেশিরভাগ প্রতিষ্ঠান। ডাক বিভাগের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। তুষারপাতের কারণে ইতিমধ্যে কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।
