রাঙ্গুনিয়ায় সেতুধস দুর্ভোগে মানুষ

আপডেট : ০৯ জুন ২০২১, ২০:৪৮

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের আব্দুল গনি সড়কের বড়ুয়া পাড়ায় ডালাই খালের ওপর এলজিইডির আওয়াতাধীন পাকা সেতু ধসে পড়েছে। গত ৫ জুন বিকালে হঠাত্ই সেতুটি ধসে পড়ে। এতে বিপাকে পড়েছেন ইউনিয়নের সোনারগাঁও, আফজালপাড়া, সাদেকেরপাড়া, সওদাগরপাড়া, ওয়াহেদপাড়ার হাজার হাজার মানুষ। ফলে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে চরম বিপাকে পড়েছেন কৃষক, রোগীরা।

সরেজমিনে দেখা গেছে, স্থানীয়রা বাঁশের সাঁকো দিয়ে বিকল্প ব্যবস্থায় ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন খালটি। যাত্রী ও পণ্যবাহী কোনো যানবাহন চলাচল করতে না পারায় চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছে তারা। আব্দুর রহমান, আব্দুল মতিন, ছালে আহমদ, প্রকাশ বড়ুয়াসহ কয়েক জন গ্রামবাসী জানান, এলাকার উত্পাদিত কৃষিপণ্যের বাজারজাত করতে যোগাযোগের জন্য ডালাই খালের সেতুটি গুরুতপূর্ণ। তাছাড়া বাঁশের সাঁকোতে পারাপারে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তারা জানায়, গত দুই/তিন বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল সেতুটি।

দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার জানান, ধর্মগোদা পাহাড় থেকে ধামাইরহাট পর্যন্ত ইউনিয়নের চার-পাঁচ ওয়ার্ডের হাজার হাজার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এ পথ। আব্দুল গনি সড়কের ডালাই খালের ওপর গুরুত্বপূর্ণ সেতুটি পুনর্নির্মাণের জন্য উপজেলা প্রকৌশল বিভাগসহ কর্তৃপক্ষের কাছে বারবার লিখিত আবেদন করেও কোনো সুরাহা হয়নি। অবশেষে সেতুটি ভেঙে পড়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থায় চরম দুরাবস্থার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী দিদারুল আলম জানান, ২০১৯ সালে ঘূর্ণিঝড় আম্ফানের দুর্যোগে ক্ষতির তালিকায় প্রকল্পভুক্ত করে ডালাই খালের ওপর একটি ৭ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ প্রাক্কলন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। প্রকল্প পরিচালকের অনুমোদন পাওয়া গেলে প্রকল্পটির বাস্তবায়ন করা হবে।