প্রথম বার বিদেশ যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন

আপডেট : ০৯ জুন ২০২১, ২১:৩৬

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে ইউরোপ যাচ্ছেন জো বাইডেন। তার ৮ দিনের এ সফর যুক্তরাজ্যে জি-৭ সম্মেলন দিয়ে শুরু হলেও জেনেভায়                 রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরির দ্বিপাক্ষিক বৈঠকের ওপরই মূলত সবার নজর থাকছে। বিশ্বের শীর্ষ দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন অনেকদিনের। বাইডেন তা কমিয়ে আনতে পারবেন, নাকি উত্তেজনা আরো উসকে দেবেন তা নিয়ে এখন যুক্তরাষ্ট্রের ভেতরে বাইরে চলছে তুমুল আলোচনা। জি-৭ সম্মেলনে যোগ দিতে বাইডেন যুক্তরাষ্ট্র ছাড়ছেন।

যুক্তরাজ্যের কর্নওয়ালে সমুদ্রের ধারের গ্রাম সেইন্ট আইভসে এবারের শিল্পোন্নত সাতটি দেশের সম্মেলনে ভ্যাকসিন কূটনীতি, বাণিজ্য, জলবায়ু ও চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো পুনর্নির্মাণের একটি উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। বিশ্বের বিভিন্ন দেশে আরো কোভিড টিকা পাঠাতে সম্মেলনে অংশ নেওয়া অন্য দেশগুলোর নেতারা বাইডেনের ওপর চাপ সৃষ্টি করতে পারেন বলেও অনুমান করা হচ্ছে। কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে বিভিন্ন দেশে করোনা ভাইরাস টিকার ২ কোটি ডোজ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।

কর্নওয়ালেই বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠকে বসবেন বাইডেন। সুযোগ পাবেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিশেষ সম্পর্ক’ ঝালাই করে নেওয়ার। তিন দিনের জি-৭ সম্মেলন শেষে ৭৮ বছর বয়সি বাইডেন ও তার স্ত্রী জিল উইন্ডসর প্রাসাদে গিয়ে রানি এলিজাবেথের সঙ্গে দেখা করবেন।