সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সোনারগাঁওয়ে নির্মাণাধীন একটি স্টিল মিলে পরিবেশ অধিদপ্তরের কর্মকতা পরিচয়ে অভিযানকালে ভুয়া তিন কর্মকর্তাসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় এ্যাম্পেয়ার স্টিল কোম্পানিতে এ ঘটনা ঘটে । গ্রেফতারকৃতরা হলো—দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের জমিরউদ্দীন মণ্ডলের ছেলে মুজাহিদুল ইসলাম মানিক, নাটোরের নালপুর উপজেলার গন্ডবিল গ্রামের আব্দুল লতিফের ছেলে সাইফুল ইসলাম সেন্টু, ডেমরার রামৈল গ্রামের জমির আলীর ছেলে কামরুজ্জামান ও ময়মনসিংহের ধোবাউড়া থানার জাঙ্গালিয়াপাড়া গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে মো. সরাফ মিয়া।
জানা যায়, এ্যাম্পেয়ার স্টিল কোম্পানিতে মঙ্গলবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে ঐ চার জন কারখানার ভেতরে প্রবেশ করে। এ সময় তারা কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন কাগজপত্র দেখতে চায়। তা ছাড়া বিষয়টি মীমাংসার জন্য ৫ লাখ টাকা দাবি করে। বিষয়টি কর্মকর্তারা কোম্পানির মালিক আবুল কালামকে অবগত করেন। তাদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে কোম্পানির লোকজনের সন্দেহ হয়। পরে তাদের আটক করে খবর দিলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন ও তালতলা ফাঁড়ির ইনচার্জ ইকবাল হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিবেশ অধিদপ্তরের ভুয়া কর্মকর্তার বিষয়টি নিশ্চিত হয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের ব্যবহূত একটি মাইক্রোবাস ( ঢাকা মেট্রো- ১১-৭৫৪৬) ও গাড়ি থেকে এক ক্যান বিয়ার উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে কোম্পানির এক কর্মচারী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। এ ছাড়াও পুলিশের পক্ষ থেকে মাদক সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। সোনারগাঁ থানার ওসি (তদন্ত) এস এম শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের গতকাল বুধবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
