গাজীপুরে পোশাক কারখানায় আগুন

আপডেট : ০৯ জুন ২০২১, ২১:৫১

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার মেশিন, সুতা ও মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার রাত  সাড়ে ১২টার দিকে জার্সি নিট ফেব্রিক্স নামক কারখানায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র ওয়্যারহাউজ ইন্সপেক্টর তাশাররফ হোসেন জানান, কারখানার সেমিপাকা দ্বিতল টিনশেড ভবনে আগুনের সূত্রপাত। পরে তা কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। জয়দেবপুর ফায়ারস্টেশন থেকে তিনটি, কালিয়াকৈর ফায়ার স্টেশন থেকে দুটি এবং কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তদন্তে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।