ওয়ারীতে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার

আপডেট : ১০ জুন ২০২১, ০০:২১

রাজধানীর ওয়ারী থানাধীন অভিসার সিনেমা হল ও বনগ্রাম এলাকা থেকে মঙ্গলবার কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃতরা হলেন—নাসির মোল্লা ওরফে রতন (২১), সুজন (১৯), সোনা মিয়া (৩২) ও অমিত রবি দাশ (২০)। তাদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার চাকু, একটি চাপাতি, একটি ছুরি, চারটি মোবাইল ফোন ও ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা স্থানীয় গ্যাং ‘মোল্লা’ ও ‘সোনা’ গ্রুপের সদস্য। তারা পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকাপয়সা, স্বর্ণালংকার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছে। এছাড়া রাজধানীসহ আশপাশের এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি, ইভটিজিং, মারামারি ও স্থানীয় ভূমি দস্যুদের পক্ষে জমি দখলে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করা হয়েছে।