সিংড়ায় সহস্রাধিক দরিদ্র রোগীর বিনামূল্যে চক্ষুসেবা ও অপারেশন

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৬:২০

নাটোরের সিংড়ায় সহস্রাধিক দরিদ্র রোগীর বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির উদ্যোগে ও মানবিক সাহায্য সংস্থা 'আই কেয়ার' এর সহযোগিতায় শনিবার দিনব্যাপী পৌর কমিউনিটি সেন্টারে বিনামূল্যে চক্ষু শিবিরে এ সেবা দেওয়া হয়।

সকালে সেবার উদ্বোধন করেন, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদারসহ পৌর ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী চক্ষু শিবিরে সিরাজগঞ্জের অধ্যাপক এম.এ. মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে পাঁচজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক উপজেলার সহস্রাধিক দরিদ্র রোগীর বিনামূল্যে সেবা প্রদান করেন।

সিরাজগঞ্জের অধ্যাপক এম.এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতালের চক্ষু শিবিরের সমন্বয়ক আঃ আলিম জানান, দিনব্যাপী সহস্রাধিক রোগীর সেবা প্রদান করা হয়েছে। এরমধ্যে ৩৫০জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে। এছাড়া ১৫০জন রোগীকে ছানি অপারেশনের জন্য হাসপাতালে নেওয়া হবে। তাদের যাতায়াত ও ঔষধের খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।

ইত্তেফাক/নূহু