কারো নাম বিকৃত করা ভদ্রলোকের কাজ নয়

আপডেট : ১০ জুন ২০২১, ২১:২০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সম্ভবত তারা তাদের রাজনীতি নিয়ে প্রচণ্ড হতাশ। সেই হতাশা থেকে কখন কী বলে বসছেন তা খেই হারিয়ে ফেলছেন।’ গতকাল দুপুরে সচিবালয়ে অভিনয় ও মডেল শিল্পীদের সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্যমন্ত্রী ড. হাছান নাম বিকৃত করে ‘হাছা মাহমুদ’ বলেছেন। এ বিষয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমি মির্জা ফখরুল সাহেবের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। প্রথমত কারো নাম বিকৃত করে উচ্চারণ করা কোনো ভদ্র লোকের কাজ নয়। কোনো ভদ্রলোকের আর একজন মানুষের নাম বিকৃত করা অনুচিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে তো ভদ্রলোক বলে জানতাম। তিনি কেন হঠাত্ করে এভাবে নাম বিকৃত করে বলা শুরু করলেন বুঝতে পারছি না।’ তিনি বলেন, ‘আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। অনেকেই বলেন, তিনি প্রচুর  মিথ্যা কথা বলেন। অবলীলায় সুন্দরভাবে মিথ্যা কথা বলেন। এজন্য অনেকেই তাকে ‘মিথ্যা ফখরুল’ বলেন। আমি এটা বলতে চাই না। কারণ, এটা বলা সমীচীন নয়। মানুষে বললেও আমি সেটা বলতে চাই না।’ 

গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার উত্খাত করা হবে—বিএনপির এমন হুমকি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ফখরুল সাহেব বলেছেন—গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে সরাবেন। এ রকম হুমকি তো আমরা গত ১২ বছর ধরে শুনে আসছি। হুমকি দিতে দিতে তারা ছোট হয়ে আসছেন। তাদের আঙিনাটা ক্রমাগত ছোট হয়ে যাচ্ছে। এটা তাদের জন্য দুঃখজনক। এ সময় অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহিদুজ্জামান সেলিম, অভিনয় শিল্পী তারিন, সুইটি, অনিক এবং চলচ্চিত্র শিল্পী ফোরামের সভাপতি মিশা সওদাগর, সেক্রেটারি জায়েদ খান, নায়িকা সিমলা ও জান্নাত মিষ্টি প্রমুখ উপস্থিত ছিলেন।