করমুক্ত আয়ের সীমা ৪ লাখ টাকা করার দাবি বিসিআইয়ের

আপডেট : ১০ জুন ২০২১, ২১:৪১

ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা ৪ লাখ টাকায় উন্নীত করার দাবি জানিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিসিআই নেতৃবৃন্দ বলেছেন, মূল্যস্ফীতি ও জীবন যাত্রার ব্যয় বিবেচনায় আগামী ২০২১-২০২২ কর বছরের জন্য ব্যক্তিগত করমুক্ত সীমা ও বিদ্যমান আয়করের হার পুনর্নির্ধারণ জরুরি। প্রস্তাবিত বাজেটে ৫ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) ব্যাবসায়িক খরচ বাড়িয়ে দেবে। অগ্রিম আয়কর (এআইটি) বিলুপ্ত করার জন্য প্রস্তাব করা হলেও বাজেটে কোনো প্রতিফলন দেখা যায়নি। অথচ বাজেটে ২০ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ আয়কর আরোপ করা হয়েছে। অগ্রীম আয়কর যথাযথ সমন্বয়/রিফান্ড না হওয়ায় পরিচালনা ব্যয় বৃদ্ধি পায়।

সংবাদ সম্মেলনে বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তদারকির মান ক্রমাগতভাবে উন্নয়নের সুস্পষ্ট দিকনির্দেশনা ও পরিকল্পনা নিশ্চিত করা জরুরি। সুষম আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখার জন্য শুধু ঢাকা বা চট্টগ্রাম কেন্দ্রিক না করে দেশের উত্তরাঞ্চলসহ প্রত্যন্ত ও অনুন্নত অঞ্চলে বিনিয়োগ ও শিল্পায়ন উত্সাহিত করে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করার জন্য বিশেষ রেয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করছি ।