জনতা ক্যাপিটালের মুনাফায় বড় উল্লম্ফন

আপডেট : ১০ জুন ২০২১, ২১:৪১

করোনা মহামারির মধ্যেও জনতা ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (জেসিআইএল) বড় অঙ্কের মুনাফা করেছে। দেশের শেয়ারবাজারে কার্যক্রম পরিচালনাকারী এই প্রতিষ্ঠানটি ২০২০ সালে নিট মুনাফা করেছে ১০ কোটি ৬১ লাখ ৪২ হাজার টাকা। ২০১৯ সালের তুলনায় মুনাফা বেড়েছে প্রায় সাড়ে তিন গুণ। ২০১৯ সালে জনতা ক্যাপিটালের নিট মুনাফা হয়েছিল ৩ কোটি ১৬ লাখ ৫৮ হাজার টাকা। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সূত্রে এই তথ্য জানা গেছে।

জনতা ক্যাপিটাল সূত্রে জানা গেছে, চলতি বছরের ১০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটি ৪০ কোটি টাকার বেশি পরিচালন মুনাফা করেছে। মুনাফা বৃদ্ধি প্রসঙ্গে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী শহীদুল হক এফসিএমএ বলেন, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও পর্ষদের সঠিক দিকনির্দেশনা এবং আমাদের কর্মীবাহিনীর কর্মপ্রচেষ্টার ফলে আমরা ইতিবাচক অগ্রগতির দিকে যাচ্ছি।