শিশুশিল্পী হিসেবে দর্শকপ্রিয়তা পাওয়া দীঘি সম্প্রতি নায়িকা হিসেব চলচ্চিত্র যাত্রা শুরু করেছেন। ক’দিন আগেই তার দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। বর্তমানে হাতে রয়েছে বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ। এতে দীঘি অভিনয় করছেন বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা রেনুর চরিত্রে। ক্যারিয়ারে নায়িকা হিসেবে যাত্রা শুরুর সময়েই সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে বিপাকে পড়েছেন তিনি। জানা গেছে, ভুয়া পেজ নিয়ে অনেকদিন ধরেই বিপাকে ছিলেন দীঘি। তবে এবার সেই সমস্যার অবসান হতে যাচ্ছে। দীঘি তার ভক্তদের জন্য ‘প্রার্থনা দীঘি’ নামে অফিসিয়াল ফ্যান পেজ নিয়ে হাজির হলেন। এর আগে তিনি ফেসবুক ব্যবহার করলেও কোনো ফ্যান পেজ ছিল না তার। দীঘি বলেন, ‘অনেক আগে থেকে আমার নামে ভুয়া পেজ দেখতে পাচ্ছি। অনেকই আমার পেজ মনে করে ভুয়া পেজগুলোতে যুক্ত হয়ে যেতেন। তাদের সঙ্গে অনেক সময় কথাও বলতেন। এত নানারকম বিভ্রান্তি ছড়াতো। আমি চাই না আর কেউ কোনো প্রকার বিভ্রান্তির মধ্যে পড়ুক। তাই নিজেই পেজ খুললাম। আশা করছি, পেজে সময় দিতে পারবো। ভুয়া পেজগুলো থেকে দূরে থাকলে এখানেই সব আপডেট পেয়ে যাবেন দর্শকরা।’
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে মিডিয়ায় পথচলা শুরু হয় দীঘির। এরপর বেশকিছু ছবিতে দারুণ অভিনয়শৈলীতে মেলে ধরেন নিজেকে। যার স্বীকৃতি হিসেবে এরইমধ্যে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন দীঘি।
