বিএনপি মুখোশের আড়ালে বহুরূপী দানব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গণতন্ত্রের বুলি মুখে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তির লালনপালনকারীদের দল বিএনপি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
দেশে এখন অদৃশ্য ও দৃশ্যমান দুটি শত্রু বিরাজমান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘অদৃশ্য শত্রু হচ্ছে করোনা আর দৃশ্যমান শত্রু বিএনপি। তাদের নেতিবাচক ও ষড়যন্ত্রের রাজনীতি অদৃশ্য শত্রু করোনার চেয়েও ভয়ংকর।’
রাজনীতির মাঠে প্রতিপক্ষ থাকবে, প্রতিদ্বন্দ্বী থাকবে, তাই বলে কেউ কাউকে শত্রু ভাবা ঠিক নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দায়িত্বশীল বিরোধী দল উন্নয়নের সহযাত্রী, কিন্তু বিএনপি নিজেরা তাদের কর্কট রূপ প্রমাণ করেছে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে বিএনপি শত্রু মনে করে বলেই জাতির পিতাকে সপরিবারে হত্যার নীলনকশায় জড়িত এবং বেনিফিশিয়ারি তারা। শেখ হাসিনাকে শত্রু মনে করে বলেই ২১ আগস্ট প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা চালিয়েছিল বিএনপি।
বিএনপি জনআতঙ্কে ভুগছে তাই তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তারা ক্ষমতার হ্যালুসিনেশনে ভুগছে। তাই দেশের উন্নয়ন এবং উত্তরণ তাদের গায়ের জ্বালা বাড়ায়। ইতিহাস বলে বিএনপি যাদের বন্ধু, তাদের শত্রুর দরকার নেই। মিথ্যাচার আর প্রতিহিংসার রাজনীতির কারণে বিএনপির জনপ্রিয়তা এখন তলানিতে ঠেকেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বর্ষণ নয়, তর্জন-গর্জনেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের অর্জন সীমাবদ্ধ।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ভার্চুয়ালি যুক্ত হন। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একব্বর হোসেনের সভাপতিত্বে সভায় অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
