বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য দলকে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, ‘এখন আর সময় নেই। নিজেদের তৈরি করে ফেলেন। শক্ত হয়ে নিজেদের পায়ে দাঁড়িয়ে আমরা জনগণকে আমাদের সঙ্গে নিয়ে আসি। জাতীয় ঐক্য সৃষ্টি করি। দাবি একটাই। চলে যাও, চলে যাও। রেহাই দাও বাংলাদেশকে। কথা পরিষ্কার, অবিলম্বে পদত্যাগ করুন, নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিন। তা না হলে এই বাংলাদেশের মানুষ জানে কীভাবে তাদের অধিকার আদায় করতে হয়।’ বিএনপি মহাসচিব বলেন, ‘বৃদ্ধদের মাধ্যমে পরিবর্তন হয় না, পরিবর্তন হয় তরুণ-যুবকদের হাত দিয়ে। বিখ্যাত একটি কথা আছে, ‘এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়’। এই কথাগুলো যদি মনে রাখতে না পারেন, তাহলে এই ভয়াবহ দানবের সঙ্গে কীভাবে যুদ্ধ করতে পারবেন।’
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনাসভায় বিএনপি মহাসচিব এ কথাগুলো বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সঞ্চালনায় আলোচনাসভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, ইশরাক হোসেন প্রমুখ।
