সুবর্ণচরে প্রবাসীকে কুপিয়ে হত্যা দুই জন আটক

আপডেট : ১০ জুন ২০২১, ২২:০৬

জেলার সুবর্ণচর উপজেলার চর কাজী মোখলেছ গ্রামে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের হাতে খুন হয়েছেন মো. কামাল উদ্দিন (৩৩) নামের এক ওমান প্রবাসী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আবুল কালাম ও মো. ইসমাইল নামের দুজনকে আটক করেছে। 

চর জব্বার থানার ওসি জিয়াউল হক জানান, ঐ গ্রামের ওবায়দুল হকের ছেলে কামালের সঙ্গে একই এলাকার রহিম নামের একজনের পূর্ববিরোধ চলে আসছিল। প্রায় আড়াই মাস আগে প্রবাস থেকে বাড়িতে আসার পর রহিমদের সঙ্গে কামালের মারামারি হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় কামাল ২৪ দিন হাজত খেটে কয়েক দিন আগে জামিনে বেরিয়ে আসেন। কিন্তু আগের মারামারির প্রতিশোধ নিতে বুধবার দুপুরের দিকে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে তু্চ্ছ ঘটনা সাজিয়ে রহিমের লোকজন কামালের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। গুরুত্বর আহতাবস্থায় তাকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে বুধবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুমিল্লায় তার  মৃত্যু হয়। ওসি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।