পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ১২ জন নিহত

আপডেট : ১০ জুন ২০২১, ২২:১১

ময়মনসিংহে বাবা-ছেলেসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক জন। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

ময়মনসিংহ, মুক্তাগাছা ও ত্রিশাল : পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ছয় জন নিহত হয়েছেন। গত বুধবার সদর উপজেলার রশিদপুর এবং মুক্তাগাছার সত্রাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আব্দুল আজিজের ছেলে বাবলু মিয়া (৪২), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার করিম মিয়ার ছেলে রিপন মিয়া (৩০) এবং তার ছেলে আবিদ হাসান (১০), ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের উজানঘাগড়া এলাকার জহিরুল ইসলামের স্ত্রী রিতা আক্তার (২১), একই গ্রামের আব্দুল খালেকের ছেলে আমিনুল ইসলাম (৩৫) ও আব্দুল মোতালেবের ছেলে তানভীর (৮)।

বিরামপুর (দিনাজপুর) : বিরামপুর-দিনাজপুর মহাসড়কের টাটকপুর মোড়ে গতকাল বাসচাপায় মজিবর রহমান (৬৫) নামে এক শাক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি বিরামপুর উপজেলার চকবসন্ত (নলকুড়া) গ্রামের ফইমুদ্দিনের পুত্র।

গঙ্গাচড়া (রংপুর) : মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ারা বেগম (৬২) নামে এক নারী নিহত হয়েছেন। গত বুধবার উপজেলার গজঘন্টা ইউনিয়নের ওমর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের আব্দুল আজিজের স্ত্রী।

ভ্রাম্যমাণ প্রতিনিধি (ঝিনাইদহ) : ঝিনাইদহ সদর উপজেলার ঝপঝপিয়া এলাকায় বাসচাপায় জাহাঙ্গীর হোসেন (৩০) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ঐ স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পঞ্চগড় : কাভার্ড ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে রুবেল (২৫) ও স্বপন (২২) নামে দুই জন নিহত হয়েছেন। গত বুধবার রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের বুড়াবুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিকআপচালক রুবেল ঐ উপজেলার কালান্দিগঞ্জ বোয়ালমারী এলাকার কালুমিয়ার ছেলে এবং স্বপন বোদা উপজেলার ফুলতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি এইচআর নামে একটি পেট্রোল পাম্পে কাজ করত।

কাঠালিয়া (ঝালকাঠি) : কাঠালিয়ায় বিআরটিসি গাড়ির নিচে চাপা পড়ে লক্ষন সিকদার (২৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল উপজেলার বীণাপানি বাজারের উত্তর পার্শ্বে ভাণ্ডারিয়া-কাঠালিয়া আঞ্চলিক মহাসড়কের নুরুল ইসলাম বেপারীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। লক্ষন সিকদার উপজেলার উত্তর আউরা গ্রামের নিরাঞ্জন সিকদারের ছেলে।