বঙ্গবন্ধুর ৬ দফাকে সমর্থন দিয়ে এর পক্ষে জাগরণ সৃষ্টি করেন মানিক মিয়া ... সাদেক সিদ্দিকী

আপডেট : ১১ জুন ২০২১, ০০:২৯

জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী বলেছেন, পাকিস্তানের শোষণ-শাসন ও নির্যাতনের প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে পাকিস্তানের লাহোরে বাঙালিদের মুক্তির সনদ ৬ দফা উত্থাপন করেছিলেন। সেই ৬ দফাকে সমর্থন দিয়ে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া। মানিক মিয়ার নেতৃত্বে জাগরণ সৃষ্টি হয়েছিল ৬ দফার পক্ষে। আওয়ামী লীগ এই ৬ দফাকে বাস্তবায়নের লক্ষ্যে ১৯৬৬ সালের ৭ জুন হরতাল ডেকেছিল। সেই হরতালে তেজগাঁওয়ের মনু মিয়াসহ বাংলাদেশের ১১ জন শ্রমিক নিহত হয়েছিলেন।

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ‘বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ’-এর কনফারেন্স কক্ষে ‘বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ’ ও ‘বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্র’র যৌথভাবে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে সাদেক সিদ্দিকী এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রদূত ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি মুশফিকুর রহমান মিন্টু, ন্যাপ-ভাসানির চেয়ারম্যান এম এ ভাসানি প্রমুখ।